মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ দোলেশ্বরের
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিয়েছে প্রাইম দোলেশ্বর। সুপার লিগে এই জয়ে টিকে রইলো তাদের শিরোপা স্বপ্নও।
লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে ৩৪ রানে হেরেছিল দোলেশ্বর।
শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।
৫২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া মোহামেডানকে দেড়শ'র কাছাকাছি নিয়ে যান মুক্তার আলী (৪৬)। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে উপুল থারাঙ্গার ব্যাট থেকে।
৩৯ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সেরা বোলার সাব্বির রুম্মান। এছাড়া মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক ফরহাদ রেজা হন ম্যাচসেরা।
জবাবে ২৩ ওভার অব্যবহৃত রেখে জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর। সর্বোচ্চ ৪০ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রনি তালুকদার। ৩৩ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
১৩ খেলায় এটি দোলেশ্বরের নবম জয় এবং মোহামেডানের পঞ্চম হার।
