২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স-শেখ জামাল ম্যাচ আবার হবে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি আবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগরী ক্রিকেট কমিটি (সিসিডিএম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 12:42 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ঐ ম্যাচে নিষেধাজ্ঞা সত্ত্বেও খেলার সুযোগ পান ব্রাদার্সের অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। ২৯ রানে ৩ উইকেট নিয়ে গোপীবাগের ক্লাবটির জয়ে ভালো অবদান রাখেন তিনি।

ঐ ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়ায় লিগের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় শেখ জামালের।

শেখ জামাল এ নিয়ে অভিযোগ জানালে ম্যাচটি আরেক বার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

এক বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানিয়েছে, তাদের স্ট্যান্ডিং কমিটির সভায় দেয়া ম্যাচ রেফারি ওবায়েদুল হক আজমের বক্তব্য সন্তোষজনক নয়। আবাহনী-ব্রাদার্স ম্যাচে সৃষ্ট ঘটনার জন্য শুনানির পর নিয়মানুযায়ী সঙ্গে-সঙ্গেই সোহরাওয়ার্দীকে শাস্তির কথা ম্যাচ রেফারি জানাননি।

সিসিডিএম বিভিন্ন ধারা পর্যালোচনা করে ১৬ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আবার আয়োজন এবং ব্রাদার্সকে এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। এই ম্যাচে বিজয়ী দল সুপার সিক্সে খেলবে।