২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লক্ষ্য চারশ' রান

বাংলাদেশের ব্যাটম্যানরা উইকেটে টিকে গিয়েও বড় ইনিংস খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। তামিম-সাকিবকে হারিয়ে বিপদে পড়া স্বাগতিকদের লক্ষ্য এখন চারশ' রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলে পক্ষে সংবাদ সম্মেলনে এসে মার্শাল বলেন, “আমরা উইকেট ছুড়ে এসেছি। দিন শেষে একটা শতক হলে ভালো হতো। তামিম (ইকবাল), আমি ও মমিনুল তিনজনই সুযোগ হারয়েছি। এখন আমাদের লক্ষ্য হবে অন্তত চারশ রান করা। উইকেট খুব ভালো। তৃতীয়-চতুর্থ দিনে হয়তো একটু স্পিন ধরতে পারে।”

ঢাকা টেস্টের প্রথম দিন ৫ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। চা-পানের বিরতির আগে শেষ ওভারে ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব। চা-বিরতিতে বৃষ্টি হলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চা বিরতির আগে সাকিবের ওই উইকেটের জন্য আফসোস মার্শালের, “আমরা একটা উইকেট বেশি হারিয়েছি। সাকিব (আল হাসান) থাকলে আমাদের জন্য ভালো হতো।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। তার খেসারতও দিতে হয়েছে নিয়মিত উইকেট হারিয়ে। তবে মেরে খেলার কোনো পরিকল্পনা ছিল না বলে দাবি করলেন মার্শাল।

“ওরা বাজে বল করছে। প্রচুর হাফভলি বল করছে আর আমরা ‘পানিশ’ করছি। চট্টগ্রামে ওরা যখন ভালো বল করছে, আমরা তখন টিকে থাকার চেষ্টা করছিলাম।”

প্রথম দিন ৫৪.৪ ওভার খেলা সম্ভব হয়। এ সময় ওভার প্রতি ৪.১৭ রান তুলেছে স্বাগতিকরা। রান তোলার এই গতি প্রসঙ্গে মার্শাল বলেন, “আজই সব রান করে ফেলতে হবে এমন কোনো পরিকল্পনা ছিল না। স্বাভাবিক ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল। মমিনুলও বড় ইনিংস খেলতে পারে। তামিমের বেশ কয়েকটা বড় শতক রয়েছে। ওরা থাকলে আজ দিন শেষে হয়তো সাড়ে তিনশ' রান হতো আমাদের।”

উইকেটে একবার টিকে গেলে ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন মার্শাল। কিন্তু টেস্টে প্রথম তিন ইনিংসে 'সেট' হয়েও বড় ইনিংস খেলতে না পারায় ভীষণ হতাশ মার্শাল।

“বড় ইনিংস খেলার চেষ্টা করছি। হচ্ছে না, মনযোগ থাকছে না হয়তো। উইকেটে থাকলে ভালো হতো। রান হচ্ছিল, আমার এটাকে বড় করা উচিৎ ছিল। আমি লাইন মিস করছি, এটা পুরোপুরি আমার দোষ।”

বাঁহাতি পেসার নিল ওয়াগনার বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন মার্শাল। নিজের উইকেটটি সম্পর্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার বলেন,  “ওরা ‘অ্যাটাক’ করছিল অফস্ট্যাম্পের বাইরে। আমিও আশা করিনি এতো ভেতরে, স্ট্যাম্পের দিকে বল আসবে।”

পুরনো খবর:

ব্যাটসম্যানদের 'আত্মাহুতি' থামলো বৃষ্টিতে
নিজের দোষেই শতক হারালেন তামিম
অভিষেক পেসার আল-আমিনের