২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক পেসার আল-আমিনের

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে দলে জায়গা পেলেও চট্টগ্রাম টেস্টের একাদশে ছিলেন না আল-আমিন হোসেন। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেশের ৭০তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে এই তরুণ পেসারের।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 11:53 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে আল-আমিনকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন কোচ শেন জার্গেনসেন।

খুলনা বিভাগের ২৪ ছুঁইছুঁই এই পেসার বেড়ে উঠেছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, রবিউল ইসলামদের সান্নিধ্যে। বিভাগীয় দলের সতীর্থ রবিউলের চোটেই টেস্ট খেলার স্বপ্ন পূরণ হল দীর্ঘদেহী এই পেসারের।

Image
ঢাকা টেস্টে অভিষেক হলো পেসার আল-আমিনের। দেশের ৭০তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পেলেন কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা টেস্টে অভিষেক হলো পেসার আল-আমিনের। দেশের ৭০তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পেলেন কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেস্ট দলে জায়গা পাওয়ার পর আল-আমিন জানিয়েছিলেন, মাশরাফিই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাকে দেখেই পেসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। নেটে যতবার দেশসেরা পেসারের সঙ্গে দেখা ততবারই তিনি আল-আমিনকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিয়েছেন।

২০১১ সালের অক্টোবরে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ঝিনাইদহের ছেলে আল-আমিনের। প্রথম ম্যাচে দুই ইনিংসে একটি করে উইকেট পেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে বেশি সময় নেননি তিনি।

অভিষেকের পর এক বছরে ১৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৫ উইকেট নিয়েছেন তিনি। ইনিংস সেরা ৭/৩৪, ম্যাচ সেরা ১২/৮৯। পাঁচ উইকেট নিয়েছেন চারবার।

২০১১-১২ মৌসুমের জাতীয় লিগে ৯ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছিলেন আল-আমিন। পেসারদের মধ্যে তারচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন কেবল ডলার (৪০)।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে খুব একটা ভালো করতে না পারলেও ঢাকা প্রিমিযার ডিভিশন ক্রিকেট লিগে আলো ছড়িয়েছেন তিনি। ৬ ম্যাচ খেলে ১৪.৬৭ গড়ে ১৮ উইকেট নিয়েছেন তিনি। সেরা ৬/১৬।