২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের দোষেই শতক হারালেন তামিম

দু'বার জীবন পেয়েও শতক করতে পারলেন না তামিম ইকবাল। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাজে শট খেলে ৯৫ রান করে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে নিল ওয়াগনারের বলে গালিতে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হওয়া তামিমের ১৫৩ বলের ইনিংসে ছিল ১৭টি চার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে এটি তার সর্বোচ্চ রান। ২০০৮ সালে অভিষেকে দ্বিতীয় ইনিংসের ৮৪ এতো দিন সর্বোচ্চ ছিল।

তবে একটুর জন্য শতক না পাওয়ার জন্য নিজেকে ছাড়া আর কাউকে দায়ী করতে পারবেন না তামিম। ওয়াগনারের আগের বলেই চার মেরে ৯৫ রানে পৌঁছেছিলেন তিনি। ঠিক এর পরের বলটি স্লিপের উপর দিয়ে সীমানায় যেভাবে বলটি পাঠানোর চেষ্টা করলেন তা কেবল টি-টোয়েন্টি ম্যাচেই মানায়; ফল গালিতে ক্যাচ, যা আগের দুইবারের মতো আর ফসকায়নি।

আর আউটের ধরন দেখে মনে হয়েছে, ফিল্ডারদের যেন ক্যাচ ধরা অনুশীলন করালেন তিনি।

ম্যাচের দ্বিতীয় ওভারেই কিন্তু জীবন ফিরে পেয়েছিলেন তামিম। ডানহাতি পেসার ডগ ব্রেসওয়েলের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দেয়ার সময় ৫ রানে ব্যাট করছিলেন তিনি।

পরের ওভারে ফিরে আবার তামিমকে পরাস্ত করেন ব্রেসওয়েল। এবার দ্বিতীয় স্লিপে নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ক্যাচ ফেলে দেয়ায় জীবন পান ১০ রানে ব্যাট করা তামিম।

৮২ রানে আবার বেঁচে যান তামিম। এবারো বোলার ব্রেসওয়েল। প্রথম স্লিপে কোনো ফিল্ডার না থাকায় চার পেয়ে যান তিনি।

অবশেষে ৫১ তম ওভারে হটকারী শটে সাজঘরে ফিরলেন মারমুখী এই ব্যাটসম্যান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুবার জীবন পেয়েও অর্ধশতক পাননি তামিম। এবার ৭৬ বলে ৯টি চারের সাহায্যে অর্ধশতকে পৌঁছান তিনি। এটা এই মাঠে পঞ্চম অর্ধশতক।

কিন্তু তিন বছরের বেশি সময়ের শতকের খরা কাটাতে পারলেন না তামিম ইকবাল। ২০১০ সালের মে, জুনে ইংল্যান্ড সফরে লর্ডস ও ম্যানচেস্টার টানা দুই ম্যাচে শতক হাঁকানোর পর ২২ ইনিংস ধরে আর তিন অঙ্কে পৌঁছাতে পারেননি তামিম।