২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারে আরও সময় পেল বিসিবির স্টেডিয়াম

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার অবসান হয়েছে। স্বাগতিক বাংলাদেশের অনুরোধে ভেন্যু সংস্কারের জন্য ৩০ নভেম্বর পর‌্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 12:41 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দেখলো আইসিসির দল

শনিবার লন্ডনে আইসিসির বৈঠক শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আইসিসি ভেন্যু পরামর্শকের রিপোর্ট পর‌্যালোচনা করে বাংলাদেশের অনুরোধে সব স্টেডিয়ামের কাজ শেষ করার সময়সীমা ৩০ নভেম্বর পর‌্যন্ত বাড়ানো হয়েছে।

২৭ অক্টোবর ঢাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট ও সূচী ঘোষণা করবে আইসিসি।

আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচীও অনুমোদন করেছে আইসিসি। এই প্রতিযোগিতায় আইসিসির ১০টি পূর্ণ সদস্য এবং ছয়টি সহযোগী সদস্য দেশ অংশ নেবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ম্যাচ পাতানো তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছে আইসিসির কার‌্যনির্বাহী কমিটি। সভায় আইসিসি দুর্নীতিবিরোধী নিয়মাবলী শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি।

স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। জানুয়ারিতে নতুন দুর্নীতিবিরোধী নিয়মাবলী হওয়ার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি।

আগামী বছর আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর আইসিসি চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাবে আইসিসি। ঐ এজিএমেই আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।