আরো উইকেট চান সোহাগ
চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চান সোহাগ গাজী।
চট্টগ্রাম টেস্টে শতক ও হ্যাটট্রিকসহ ছয় উইকেট অন্য এক উচ্চতায় নিয়ে গেছে এই স্পিনারকে।
মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সোহাগ গাজী বলেন, “প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। জানি না আবার রেকর্ড করবো কি না। তবে আবারো পাঁচ উইকেট নেয়ার চেষ্টা থাকবে।”
খুব আলাদা কিছু করতে চেষ্টা না করে চট্টগ্রাম টেস্টের মতোই বল করে যেতে চান সোহাগ। "ঐ টেস্টে ছোটখাটো যেসব ভুল করেছিলাম সেগুলো নিয়ে অনুশীলনে কাজ করছি।”
সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্টে নিয়মিত ৫ উইকেট নেয়ার অভ্যাসটা গড়ে তুলতে চান সোহাগ। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শের-ই-বাংলাতেই অভিষেক হয়েছিল তার। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৬ উইকেটসহ ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন ২২ বছর বয়সী এই অফস্পিনার। প্রিয় মাঠে আবারো এমন কিছুর পুনরাবৃত্তির ইচ্ছে জানিয়ে তার পরিস্কার ঘোষণা, “সিরিজে সর্বোচ্চ উইকেট নিতে চাই।”
শতক করার পরও নিজেকে বোলারই ভাবেন সোহাগ। ব্যাটিংয়ে মনযোগ বাড়াননি জানিয়ে বলেন, “শতক করেছি বলেই যে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে তা নয়। যতটুকু সময় পাই, বোলিং নিয়েই বেশি কাজ করি। ফাঁকে আমার ব্যাটিংয়ের ভুলগুলো নিয়ে কাজ করি।”
