বিসিবির ‘নিরুত্তাপ’ নির্বাচনের অপেক্ষা
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। তবে সভাপতি পদ থেকে সাবের হোসেন চৌধুরী সরে দাঁড়ানোয় এই নির্বাচনের তেমন আকর্ষণ নেই।
সাবের হোসেন না থাকায় নাজমুল হাসানের সভাপতি হওয়া নিশ্চিত।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবারই খসড়া ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর আদালত অবমাননার আশঙ্কা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাবের হোসেন।
এরপর নির্বাচন স্থগিত ও ভোটার তালিকা বাতিলের জন্য আদালতে একটি রিট করা হয়। কিন্তু সেই রিট খারিজ করে আদালত থেকে বিসিবি নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংস্থা ফোরাম এই নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রভাব এবং অর্থ ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ করেছে। নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি শুনানির পর পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন থেকে তারাও সরে দাঁড়িয়েছে।
বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে ১৭৪ জন কাউন্সিলরের ভোট দেয়ার কথা ছিল। কিন্তু নাজমুল হাসানের সম্মিলিত পরিষদ ছাড়া আর কেউ প্যানেল না দেয়ায় ‘বি’ ক্যাটাগরির ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
‘এ’ ক্যাটাগরিতে ১০ জন পরিচালকের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই শুধু ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন পরিচালক পদে নির্বাচন হবে।
ঢাকা বিভাগে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, মির্জা জিল্লুর রহমান ও মঞ্জুর কাদেরের মধ্যে থেকে দুজনকে নির্বাচিত করবেন ১৮ জন কাউন্সিলর।
রাজশাহী বিভাগের ৯ জন ভোটার নির্বাচিত করবেন রাজশাহী জেলার রাফিউস শামস ও পাবনার সাইফুল আলম স্বপনের মধ্যে থেকে একজনকে।
ক্যাটাগরি ‘সি’ তে মুখোমুখি হবেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজন। এই ক্যাটাগরিতে ৪৪ জন ভোটার।
