প্রস্তুতি ম্যাচ না হওয়ায় হতাশ সুমন
নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচটি দেখে অতিথি পেসারদের সম্পর্কে ধারণা নিতে চেয়েছিলেন সাবেক এই অধিনায়ক।
টানা দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় বিসিবি একাদশ ও নিউ জিল্যান্ড দলের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শনিবার পরিত্যক্ত ঘোষণা করা হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুমন বলেন, “ম্যাচটা হলে অবশ্যই খুব ভালো হতো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমরা ওদের বোলারদের একটু দেখে নিতে পারতাম। খেলোয়াড়রাও ওদের খেলোয়াড়দের দেখে নিতে পারতো। যতোই ভিডিও ফুটেজ দেখি না কেন ম্যাচ দেখা সব সময়ই ভিন্ন একটি ব্যাপার, সুযোগটা হারালাম।”
একদিকে প্রধান নির্বাচকের পদ থেকে আকরামের সরে দাঁড়ানো, অন্যদিকে অপর নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হজ করতে যাওয়ায় একারই দল চূড়ান্ত করতে হচ্ছে সুমনকে। জাতীয় দলে দুটি জায়গার জন্য দাবিদার তিন ব্যাটসম্যান মার্শাল, নাঈম ও মমিনুল। প্রস্তুতি ম্যাচে সুযোগ ছিল তাদের যাচাই-বাছাইয়ে। ম্যাচ না হওয়ায় সেই কাজ কঠিন হয়ে যাওয়ারই কথা একমাত্র নির্বাচকের।
এ ব্যাপরে জানতে চাইলে সুমন বলেন, “নির্বাচন কঠিন হয়ে গেল বলবো না। খেলতে পারলে যাদের কথা বলা হচ্ছে তাদের জন্য ভালো হতো। মার্শাল, নাঈমরা নিউ জিল্যান্ডের বোলিংটা দেখতে পারতো। তবে আমাদের যতটা অসুবিধা তার চেয়ে বেশি অসুবিধা হবে সম্ভবত নিউ জিল্যান্ডের। কারণ ওদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার একটা ব্যাপার ছিল।”
মানিয়ে নিতে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন সুমন।
“আমাদের ক্রিকেটাররা যেহেতু খেলার মধ্যেই আছে কন্ডিশনের দিক থেকে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত। ওরা প্রত্যেকেই পেশাদার ক্রিকেটার, তাই ওয়ানডে ক্রিকেট থেকে টেস্ট মেজাজের সঙ্গে মানিয়ে নিতে ওদের খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।”
এখনো টিম কম্বিনেশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বাশার বলেন, “আউটডোরে এখনো যেতে পারিনি। আশা করি আজকের মধ্যে বৃষ্টি থেমে যাব, কাল থেকে আউটডোরে যেতে পারবো। সাত-আট তারিখের ভেতর আমরা বুঝতে পারবো কি হতে যাচ্ছে। নতুন কারো অভিষেক হচ্ছে কি না তা এখনই বলা যাচ্ছে না। কন্ডিশনের কথা চিন্তা করে অনেক কিছুই ভাবতে হচ্ছে।”
