২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিতে বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের টিকেট

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা, আর ওয়ানডে সিরিজের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকেট বিক্রির চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, ইউসিবি-এর পরিচালক শওকত আজিজ রাসেল প্রমুখ।

বিসিবি অ্যাডহক কমিটির সদস্য গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, “ইউসিবি-এর ঢাকার ছয়টি, চট্টগ্রামের দুটি, নারায়ণগঞ্জের একটি এবং সিলেটে খেলা হলে দুটি শাখায় টিকেট পাওয়া যাবে।”

ঢাকায় মতিঝিল প্রধান শাখা, গুলশান, নয়াবাজার, সোনারগাঁও, মিরপুর ও ধানমন্ডি শাখায় টিকেট পাওয়া যাবে।

চট্টগ্রামের আগ্রাবাদ ও ওআর নিজাম রোড শাখায়, নারায়ণগঞ্জের চাষাঢ়া এবং সিলেটের শাহজালাল উপশহর ও সিলেট প্রধান শাখা থেকে টিকেট কিনতে পারবেন ক্রিকেটভক্তরা।

৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে হসপিটালিটি বক্সের প্রতিটি টিকেট তিন হাজার, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫০০, আন্তর্জাতিক গ্যালারি ১০০, ক্লাব হাউজ ৭৫, পশ্চিম গ্যালারি ৫০ এবং পূর্ব গ্যালারি ২০ টাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হসপিটালিটি বক্সের টিকেট তিন হাজার টাকা, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, আন্তর্জাতিক গ্যালারি ১০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৭৫, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৫০ এবং পূর্ব স্ট্যান্ডের টিকেট ২০ টাকা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম দুটি ওয়ানডের হসপিটালিটি বক্স পাঁচ হাজার, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার, আন্তর্জাতিক গ্যালারি ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ২০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১০০ এবং পূর্ব স্ট্যান্ডের টিকেট ৫০ টাকা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডের টিকেটের মূল্যও একই।

৬ নভেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের টিকেটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। আইসিসির অনুমোদন না পেলে ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নিতে হবে বিসিবিকে।

টেস্ট শুরু হওয়ার তিন দিন আগে থেকে ব্যাংকের শাখা ও প্রতিদিন স্টেডিয়াম বুথে টিকেট পাওয়া যাবে। এবার কোনো ই-টিকেট নেই।