২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সাফল্যের প্রত্যাশা নিউ জিল্যান্ডের মার্টিনের

স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন নিউজিল্যান্ডের স্পিনার ব্রুস মার্টিন। তবে উপমহাদেশের স্পিন সহায়ক পরিবেশে ব্যাক্তিগত সাফল্য প্রাপ্তির সম্ভাবনাও দেখছেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

নিউ জিল্যান্ডের একটি ওয়েবসাইটকে বাঁহাতি এই স্পিনার বলেন, “বিশেষ করে ঘরের মাটিতে বাংলাদেশ ভালো একটা দল। তবে এখানকার (বাংলাদেশের) পিচে কিছু উইকেট পাওয়ার সুযোগ আমিও পাব।”

৩৩ বছর বয়সী মার্টিন গত মে মাসের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টেই শেষবার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

মার্টিনের আন্তর্জাতিক ক্যারিয়ারটাও অবশ্য খুব একটা দীর্ঘ নয়। এ পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছেন তিনি। সবকটিই ইংল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে তার শিকার ১০ উইকেট। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি এখনও। আর তাই বাংলাদেশ সফরটাকে তিনি দেখছেন বড় একটা সুযোগ হিসেবে।

অবশ্য প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞ মার্টিন ১২১ ম্যাচ খেলে ৩৩০ উইকেট নিয়েছেন।

আত্মবিশ্বাসী মার্টিন বলেন, “সফল হতে আমার খুব বেশি অনুপ্রেরণার প্রয়োজন নেই। কারণ এই বয়সে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য একটা সুযোগ পরের ম্যাচে খেলা নিশ্চিত করার।”

৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

২৯ ও ৩১ অক্টোবর শের-ই-বাংলাতেই হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।

৬ নভেম্বর হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

পুরনো খবর:

নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত