২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ক্ষমা চাইলো ইংল্যান্ড দল

অ্যাশেজ জয়ের পর পিচে মুত্রত্যাগের ঘটনায় প্রবল সমালোচনার পর ক্ষমা চেয়েছে ইংল্যান্ড খেলোয়াড়রা। তবে বুধবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্ষমা চেয়ে দেয়া বিবৃতিটিতে সুনির্দিষ্ট করে এ ঘটনার কোনো উল্লেখ করা হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:15 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

প্রকৃতির ডাকে সাড়া দিতেই এ কাণ্ড
পিচে মুত্রত্যাগ করে অ্যাশেজ উদযাপন!

অস্ট্রেলিয়ার সাংবাদিকরা জানান, আলোর স্বল্পতার জন্য ওভাল টেস্টের শেষ দিনের খেলার সমাপ্তি ঘটার প্রায় পাঁচ ঘণ্টা পর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কেভিন পিটারসেনসহ আরো কয়েকজন ক্রিকেটার পিচে মুত্রত্যাগ করেন।

ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রায়রের একটি টুইটার ছবিতেও দেখা গেছে, ইংল্যান্ড দল ম্যাচের পর মাঠে বসে বিয়ারসহ অন্যান্য পানীয় পান করছে।

এ নিয়ে প্রবল সমালোচনার পর পিচের উপর ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের মুত্রত্যাগের কথা স্বীকার করেন গ্রায়েম সোয়ান। তবে ইংলিশ এই স্পিনারের মতে, প্রকৃতির ডাকে সাড়া দিতে এ কাজ করাটা তেমন দোষের কিছু নয়। এখন ক্রিকেট বোর্ডের মাধ্যমে 'উদযাপনের' জন্য ক্ষমা চাইলেন ক্রিকেটাররা।

বিবৃতিতে বলা হয়, "অ্যাশেজ জেতার পর উদযাপনের সময় সারে কাউন্টি ক্রিকেট ক্লাব, ওভাল অথবা ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কারো মর্যাদাহানি করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।"

ওভালের এই মাঠটি ব্যবহার করে কাউন্টি দল সারে। দলটির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এ ঘটনার পর খুব ক্ষেপেছিলেন।

বিবৃতিতে বলা হয়, এ রকম সম্মানজনক একটি সিরিজ জিততে পেরে ক্রিকেটাররা আবেগাপ্লুত হয়ে পড়েছিল। তাই কারও কারও আচরণ যথার্থ হয়নি।

"ইংল্যান্ডের ক্রিকেটারদের এই আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে আমরা তার জন্য ক্ষমা চাচ্ছি।"