২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে অনিশ্চিত গাপটিল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে আঙুল ভেঙে ফেলেছেন ব্যাটসম্যান মার্টিন গাপটিল। বাংলাদেশ সফরে হয়তো তাকে ছাড়াই আসতে হবে নিউ জিল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 03:24 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

প্রায় তিন বছর আগে সাকিবদের কাছে ৪-০ তে ওয়ানডে সিরিজ হেরেছিল নিউ জিল্যান্ড।

সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছিলেন গাপটিল। নিউজিল্যান্ডের স্টাফ ডটকোর সংবাদ মতে, লিগ পর্বের শেষ ম্যাচটি খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। এখন দেশে ফিরছেন তিনি।

নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। দেশে আসার পর চিকিৎসকরা তার চোট পরীক্ষা করবেন। তারপরই বিস্তারিত জানাবে সংস্থাটি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে পারেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। আর তাই যদি হয় তাহলে বাংলাদেশ সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাবে না তার দল।

অক্টোবরে এই সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে তারা। ঐ ম্যাচগুলোতে অবশ্য খেলতে পারেন ৭৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলা গাপটিল।