২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের আরেকটি হার

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে আবার হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের তরুণদের হারের ব্যবধান ৭ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৮ উইকেটে জিতেছিল।

সোম ও বৃহস্পতিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের শেষ দুই ম্যাচ।

রোববার কিবওয়ার্থ ক্রিকেট ক্লাব নিউ গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হারানো বাংলাদেশ বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি।

চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেনের (২৫) ৩৬ রানের জুটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। এর পর নবম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের জুটিতে নাজমুলের সঙ্গী ছিলেন আবু হায়দার (১৮)। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া নাজমুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান। ১৮ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার কামরান গুলাম। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ১৪ রানে ৩ উইকেট নেন জাফর গওহর। জবাবে অধিনায়ক সামি আসলামের (৫৮) সঙ্গে হোসেইন তালাতের ৮১ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানের সহজ জয়ের ভিত রচিত। ইমাম-উল-হক (১২) ও হাসান রাজা (৩) দ্রুত ফিরে গেলেও ১০৯ বল অব্যহৃত রেখে দলকে জয় এনে দেয়ার কৃতিত্ব তালাতের। ৭১ রানে অপরাজিত তালাতের ১০১ বলের ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা। বাংলাদেশের পক্ষে ৩৪ রানে ২ উইকেট নেন যুবায়ের হোসেন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৩.৪ ওভারে ১৪৯ (সাদমান ০, শাহরিয়ার ২২, জয়রাজ ৯, মোসাদ্দেক ২৫, নাজমুল ৪৬, মিরাজ ৫, সায়েম ১, ফেরদৌস ৮, রিফাত ০, হায়দার ১৮, যুবায়ের ০*; কামরান ৪/১৮, জাফর ৩/১৪, তালাত ২/২৩, জিয়া ১/৩৯) পাকিস্তান: ৩১.৫ ওভারে ১৫০/৩ (আসলাম ৫৮, তালাত ৭১*, ইমাম ১২, রাজা ৩*, শাকিল ৪*; যুবায়ের ২/৩৪, মোসাদ্দেক ১/৪৩) ম্যাচ সেরা: কামরান গুলাম।