চোট কাটিয়ে ফিরলেন কুলাসেকারা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দলে চোট কাটিয়ে ফিরেছেন ডান হাতি পেসার নুয়ান কুলাসেকারা।
জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আঙ্গুলে চোট পাওয়ায় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
তবে ওয়ানডে সিরিজে খেলা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি।
শুক্রবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি। রোববার ও মঙ্গলবার হাম্বানটোটায় শেষ দুই ম্যাচ।
বুধবার শেষ হওয়া ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, অ্যাঞ্জেলো পেরেরা, অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, সাচিত্রা সেনানায়েকে ও সুরঙ্গা লাকমল।
