২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে শিরোপায় চোখ তরুণ ক্রিকেটারদের

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তরুণ ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকোডেমি ভবনে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাংবাদিকদের বলেন, “প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছি আমরা। তবে শিরোপা জয়ই চূড়ান্ত লক্ষ্য।”

“নিজেদের কন্ডিশনে ইংল্যান্ড শক্তিশালী দল। পাকিস্তানও ভালো দল। তবে দুই প্রতিপক্ষও অনূর্ধ্ব-১৯ দল। তাই আমাদেরও শিরোপা জেতার সমান সুযোগ খাকবে।”

অধিনায়কত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মিরাজ বলেন, “দেশকে নেতৃত্ব দিতে পারা একটি বড় ব্যাপার। অধিনায়ক হিসেবে আমার কাজ হবে দলকে আরো ভালো খেলতে উদ্বুব্ধ করা। ভালো ফল এনে দেয়া দলকে ভালোভাবে পরিচালনা করাই এখন আমার মূল কাজ। সবার কাছ থেকে সেরাটা বের করে নিতে চাই।”

ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে মিরাজ বলেন, “ইংল্যান্ডে যে ধরনের উইকেটে খেলা হয় সে ধরনের উইকেটে এখানে প্রস্তুতি নিয়েছি। এই সিরিজের জন্য প্রস্তুতি নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট। সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি আমরা।”

এর আগে দুবার ভারত সফর করলেও এবারই প্রথম ইংল্যান্ড সফর করছেন মিরাজ। এর আগে প্রতিটি অনূর্ধ্ব-১৯ দলে অন্তত একজন করে তারকা ক্রিকেটার ছিলেন। যার ওপরে দল নির্ভর করতো। এবার তেমন কেউ নেই। তবে তাতে হতাশ নন মিরাজ। তিনি বলেন, “মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনির মতো খেলোয়াড় আছে আমাদের দলে। অন্যরাও প্রতিভাবান। একটু সময় লাগবে, এই দলের কেউ কেউ জাতীয় দলেও খেলতে পারে।”

৭ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ৯ ও ১১ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ ও ১৫ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৯ অগাস্ট প্রতিযোগিতার ফাইনাল।