২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেটে মোহামেডানের হ্যাটট্রিক শিরোপা

মেয়েদের ক্লাব ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা জিতেছে মোহামেডান। বুধবার ফাইনালে তারা ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 03:23 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

টুর্নামেন্টের পাঁচ আসরে এটি মোহামেডানের চতুর্থ শিরোপা। অন্যদিকে ২০১১ সালের পর আবার ফাইনালে মোহামেডানের কাছে হারলো শেখ জামাল।

ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান করে শেখ জামাল। জবাবে ৩২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে রুমানা আহমেদের (অপরাজিত ২১) ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়।

৪৬ রানে অপরাজিত থাকেন ফাইনালের সেরা খেলোয়াড় সালমা। এছাড়া শুকতারা রহমান ২১ ও শারমীন সুলতানা ২০ রান করেন। শেখ জামালের পক্ষে খাদিজাতুল কুবরা ৩২ রানে নেন ২ উইকেট।
এর আগে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংগ্রহ খুব এটা বড় হয়নি শেখ জামালের।

রেশমা আক্তার (২৪) ও সুর্বণা ইসলামের (২২) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৪৯ রান তুলে লড়াইয়ের পুঁজি গড়ার চেষ্টা করে জাহানারা আলমের দল।

১১ রানে ২ উইকেট নিয়ে তাহিন তাহেরা মোহামেডানের সেরা বোলার।

ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুন্যের জন্য প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সালমার সতীর্থ সাথিরা জাকির। ৫ ম্যাচ খেলে ৪৮.৫ গড়ে ১৯৪ রান করার পাশাপাশি ১৩ উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও সবার উপরে তিনি।

পাঁচ ম্যাচে ৪২.৮ গড়ে ২১৪ রান নিয়ে সর্বোচ্চ রানের মালিক মোহামেডান ও জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন।

এছাড়া টুর্নামেন্টের একমাত্র শতক করেছেন মোহামেডানের উদ্বোধনী ব্যাটসম্যান শুকতারা রহমান। দিপালি যুব সংঘের বিপক্ষে সেমিফাইনালে ৮৯ বলে ১০৭ রান করেছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান দুই দলের হাতে ট্রফি তুলে দেন।

হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে ভীষণ উচ্ছ্বসিত মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন।

পঞ্চম মহিলা ক্লাব ক্রিকেটের শিরোপা জেতার পর সাংবাদিকদের সালমা বলেন, “আমার নেতৃত্বে দল হ্যাটট্রিক শিরোপা জেতায় আমি খুবই খুশি। আজকেও সবাই পরিকল্পনা অনুযায়ী খেলায় আমাদের লক্ষ্য পূরণ হয়েছে।”

“পাঁচ বছর ধরে মোহামেডানের হয়ে লিগে খেলছি। দ্বিতীয় আসরে রানার্সআপ হওয়া ছাড়া বাকি চার আসরে আমরাই শিরোপা জিতেছি। দু'একটা ম্যাচ বাদ দিলে এবারো দল হিসেবে আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল।” জাতীয় দলের সর্বশেষ সফরে দলে ছিলেন না মোহামেডানের অলরাউন্ডার সাথিরা জাকির জেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের চোখে তাই জাতীয় দলে ফেরার স্বপ্ন। তিনি বলেন, “টানা পাঁচ বছর খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়ায় একটা জেদ কাজ করছিলো। এর মধ্যে তিনটি ঘরোয়া টুর্নামেন্টে খেলেছি। তিনটিতেই পারফরম্যান্স ভালো ছিল। জাতীয় দলে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।” নতুনরা উঠে না আসার হতাশা থাকলো জাতীয় দলের অধিনায়কের কথায়।

“টুর্নামেন্টে পুরানোই ভালো করেছে। চারটা পুল না করে বিসিবি দুটি পুল করলে মেয়েরা নতুন ক্লাবে খেলতে পারতো। তখন শিরোপা লড়াই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না বরং নতুনদের উঠে আসারও সুযোগ তৈরি হতো।”

একপেশে ফাইনালে হতাশ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক জাহানারা আলম। তিনি বলেন, “টপ অর্ডারের কাছ থেকে আরেকটু বেশি রান আশা করেছিলাম। ওরা আর কিছু রান করে গেলে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হতো।” “আমরা ১৭০/১৭৫ রান করতে চেয়েছিলাম। শুরুতে দ্রুত উইকেট না পেলে তার কাছাকাছি স্কোর করা সম্ভব ছিল। তারপরও বোলাররা দারুণ লড়াই করেছে।”