অ্যাশেজ থেকে ছিটকে গেলেন প্যাটিনসন
প্রথম দুটি টেস্টে হেরে বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলকে পরের টেস্টগুলো খেলতে হবে ফাস্ট বোলার জেমস প্যাটিনসনকে ছাড়াই।
পিঠের চোটের কারণে তিনি বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না বলে সোমবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রুকনার এক বিবৃতিতে বলেন, "অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষ দিন কোমড় আর পিঠে ব্যাথা অনুভব করেন প্যাটিনসন।"
তিনি জানান, লন্ডনের কয়েকটি স্ক্যান করার পর প্যাটিসনের পিঠের নিচের দিকে সামান্য ফাটল ধরা পড়েছে। দুভাগ্যবশত তাই তার এ সিরিজে খেলা হচ্ছে না। তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যাতে অস্ট্রেলিয়ায় অ্যাশেজের পরবর্তী সিরিজে তিনি খেলতে পারেন।
রোববার চতুর্থ দিনেই ৩৪৭ রানের ব্যবধানে লর্ডস টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। প্যাটিনসন ওই ম্যাচে মাত্র দু'টি উইকেট পান।
তবে প্যাটিনসন না থাকলেও অস্ট্রেলিয়া বিপদে পড়বে না বলে মনে করেন দলের পারফরমেন্স জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড।
তিনি বলেন, "জেমসের জন্য আমরা হতাশ। কিন্তু নির্বাচকদের আরও পাঁচ বোলার থেকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে।"
তবে ইংল্যান্ডে আসা দলের বাইরে থেকেও কাউকে ডাকা হতে পারে বলেও তিনি জানান।
"অস্ট্রেলিয়া এ দলের হয়ে অনেক ক্রিকেটারই ভালো করছে। ন্যশনাল সিলেকশন প্যানেল যেকোনো সময় তাদের ডাকতে পারে।"
আগামী ১ অগাস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে তৃতীয় টেস্ট।
ওল্ড ট্রাফোর্ডে বাঁচা মরার লড়াইয়ের আগে সাসেক্সের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান অবশ্য প্রথম দুই টেস্টে ব্যর্থ খেলোয়াড়দের তৃতীয় ম্যাচ থেকে বাদ দেয়ার হুমকি দিয়ে রেখেছেন।
