২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থদের বাদ দেয়ার হুমকি লেম্যানের

প্রথম দুই টেস্টে ব্যর্থ খেলোয়াড়দের অ্যাশেজের তৃতীয় ম্যাচে বাদ পড়তে হতে পারে বলে হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 09:20 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

ট্রেন্ট ব্রিজ টেস্টে ১৪ ও লর্ডসে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রেলীয়দের সামনে।

আগামী ১ অগাস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে তৃতীয় টেস্ট।

ঐ ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে লেম্যান বলেন, “সবসময়ই আমি বলে আসছি, দলে থাকা ১৮ জনের সবারই খেলার সুযোগ আছে। কোনো সম্ভাবনাই আমি বাদ দিচ্ছি না। দুটি ম্যাচ হারের পর এমনই হয়, সব দরজা খুলে যায়।”

“নির্বাচক রড (মার্শ), জন (ইনভারেরিটি) এবং আমি এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেব”, যোগ করেন তিনি।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলীয়দের হারের প্রধান কারণ তাদের ব্যাটিং ব্যর্থতা। এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় প্রথম পাঁচজনের মাত্র একজন মাইকেল ক্লার্কের দলের। তাও তিনি আবার প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যান নন- অভিষেক টেস্টে ১১ নম্বরে নেমে রেকর্ড গড়া অ্যাশটন অ্যাগার।

এ বিষয়ে ইঙ্গিত করে লেম্যান বলেন, “অবশ্যই আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে।”

“লর্ডসে আমাদের দুইজন অর্ধশতক করেছে (উসমান খাজা ৫৪ ও মাইকেল ক্লার্ক ৫১) কিন্তু লক্ষ্য অর্জনে ৫০ যথেষ্ট হবে না। ক্লার্ক এবং খাজা আসলেই ভালো ব্যাট করেছে। তবে ক্রিজে সেট হয়ে যাওয়ার পর তরুন ক্রিকেটার রুটের (ইংল্যান্ডের ব্যাটসম্যান, ১৮০ রান করেন) মতো তাদেরও শতক করা উচিত ছিল।”

ওল্ড ট্রাফোর্ডে বাঁচা মরার লড়াইয়ের আগে সাসেক্সের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। দলে সম্ভাব্য পরিবর্তন আনতে এই ম্যাচটির দিকেই তাকিয়ে আছেন লেম্যান।

তিনি বলেন, “সাসেক্সে ভালো ক্রিকেট খেলে আমাদের প্রমাণ করতে হবে যে লক্ষ্য অর্জনে আমরা প্রস্তুত। এখানে ৯০ ওভারেরও বেশি ব্যাট করতে হবে আমাদের।”