মহিলা ক্রিকেটে খুলনার জয়
ষষ্ঠ মহিলা জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বরিশালকে ২১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা।
সিলেট, রংপুর, ঢাকা ও খুলনাকে নিয়ে সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। প্রথম দিন খুলনা খেলবে রংপুরের বিপক্ষে, আর ঢাকার প্রতিপক্ষ সিলেট।
রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭১ রান করে খুলনা।
৩৮ রানে অপরাজিত থাকেন তুলিকা দাস। সুলতানা খাতুন ৩৭ ও শায়লা শারমীন ৩৫ রান করেন। সর্বোচ্চ ৪১ রান আসে অতিরিক্ত থেকে।
বরিশালের পক্ষে আসমা হক ৩ উইকেট নেন ৬১ রানে।
জবাবে ৩২ ওভার ৫ বলে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ১৭ রান আসে অতিরিক্ত থেকে। রিপা সাহা করেন ১৪ রান।
১২ রানে ৬ উইকেট নিয়ে খুলনার জয়ে সবচেয়ে বড় অবদান শায়লার।
