লর্ডস টেস্টে স্বস্তিতে নিউজিল্যান্ড
পেসারদের তোপ এবং রস টেইলরের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে লর্ডসে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৩২ রানে অলআউট করার পর শুক্রবার দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান।
ইংল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করা জেমস অ্যান্ডাসন দলীয় ৭ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি।
তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে ৯৩ রানের জুটি গড়া রস টেইলরকে (৬৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলার কৃতিত্বও অ্যান্ডারসনের।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আলোর স্বল্পতায় খেলা শেষ হয়ে গেছে আগেই। দিন শেষে ৪৪ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। অবশ্য ব্যক্তিগত ২৩ রানে অ্যান্ডারসনের বলে ম্যাট প্রায়রের হাতে জীবন পান তিনি।
৩২ রানে ৩ উইকেট নেন অ্যান্ডারসন।
এর আগে ৪ উইকেটে ১৬০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে প্রথম ঘণ্টায় কোনো সমস্যায় পড়তে দেননি জো রুট ও জনি বেয়ারস্টো। তবে দলীয় ১৯২ রানে রুট (৪০) টিম সাউদির বলে উইকেটরক্ষক বি জে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দী হওয়ার পর বিপদে পড়ে যায় ইংল্যান্ড।
পরের বলেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার ম্যাট প্রায়রকে এলবিডব্লিউ করেন সাউদি।
স্টুয়ার্ট ব্রড সাউদিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও কোনো রান করতে পারেননি। নেইল ওয়াগনারের বলে তিনিও এলবিডব্লিউ।
এরপর বেয়ারস্টো একা লড়াই চালিয়ে গেলেও ইংল্যান্ড তেমন ভালো সংগ্রহ গড়তে পারেনি। ফিরতি ক্যাচ নিয়ে সাউদি সর্বোচ্চ ৪১ রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে দিলে মধ্যাহ্ন-বিরতির পরপরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৪০ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
৫৮ রানে ৪ উইকেট নেন সাউদি। ওয়াগনারের তিনটি এবং ট্রেন্ট বোল্টের শিকার দুটি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৩২ (কুক ৩২, কম্পটন ১৬, ট্রট ৩৯, বেল ৩১, রুট ৪০, বেয়ারস্টো ৪১, প্রায়র ০, ব্রড ০, সোয়ান ৫, ফিন ৪, অ্যান্ডারসন ৭*; সাউদি ৪/৫৮, ওয়াগনার ৩/৭০, বোল্ট ২/৪৮, মার্টিন ১/৩৮)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৩/৪ (ফুলটন ২, রাদারফোর্ড ৪, উইলিয়ামসন ৪৪*, টেইলর ৬৬, ব্রাউনলি ২৩, ম্যাককালাম ১*; অ্যান্ডারসন ৩/৩২, ফিন ১/৪২)
