২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪২২ রানে অলআউট করে ৩ উইকেটে ১৭৬ রানে দিন শেষ করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

৭ উইকেট হাতে নিয়ে এখনো ২৪৬ রানে পিছিয়ে বাংলাদেশ। মেহেদী হাসান ৫৬ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৩ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদমান ইসলামের সঙ্গে ৪৪ ও ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে ৪৮ রানের দুটি চমৎকার জুটি গড়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন নাজমুল হোসেন।

দলীয় ৯২ রানে ইয়াসির ও ১১০ রানে নাজমুলের (৫৫) বিদায় স্বাগতিকদের চাপে ফেলে দিলেও মেহেদী ও মোসাদ্দেক দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন। নাজমুলের ১১৮ বলের ইনিংসে ১০টি চার।

৭২ রানে ৩ উইকেট নিয়ে একে তিরন শ্রীলঙ্কার সেরা বোলার।

এর আগে বৃহস্পতিবার ৫ উইকেটে ৩৩১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম বলেই রোশান অনুরুদ্ধকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে ভালো সূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান।

শতক পৌঁছানোর আগে সপ্তম উইকেটে চামিকা করুনারত্নের সঙ্গে ৬০ রানের আরেকটি ভালো জুটি দলকে উপহার দেন মিনোদ ভানুকা। দলের রান চারশর কাছাকাছি যাওয়ার পর যুবায়ের হোসেনের বলে সাদমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভানুকা (১১৪)। তার ১৫৯ বলের ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা।

ভানুকার বিদায়ের পর আর বেশি দূর এগোয় নি অতিথিদের ইনিংস।

১৪৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার যুবায়ের। এছাড়া মেহেদী ও রাহাতুল ফেরদৌস দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ৪২২ (মেন্ডিস ৪৬, হাসান ৩৬, কুলাসেকারা ৩৬, বীরাকড্ডি ৫৯, দেভিন্দু ৩৬, ভানুকা ১১৪, অনুরুদ্ধ ২৫, করুনারত্নে ২৫, ফার্নান্দো ৪, তিরন ২৫, নানায়াক্কারা ০*; যুবায়ের ৫/১৪৬, মেহেদী ২/৫৫, ফেরদৌস ২/৬২, মুস্তাফিজ ১/৫৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ১৭৬/৩ (নাজমুল ৫৫, সাদমান ১৭, ইয়াসির ২৭, মেহেদী ৫৬*, মোসাদ্দেক ১৩*; তিরন ৩/৭২)