রংপুরের নাটকীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের প্রথম খেলায় চট্টগ্রাম কিংসকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। দুই দলের প্রথম খেলায়ও রংপুর জেতে ৬ উইকেটে।
এই জয়ে দশ খেলায় আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে রংপুর। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে চট্টগ্রাম। জবাবে শেষ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে রংপুরের শুরুটা ভালো হয় নি। তৃতীয় উইকেটে ১৩ ওভারে ইমরুল কায়েসের সঙ্গে ক্যামেরন বোর্গাসের ৯৬ রানের জুটি লড়াইয়ে ফেরায় রংপুরকে।
সতেরতম ওভারের দ্বিতীয় বলে ইমরুল (৪০ বলে ৪৮) ও ষষ্ঠ বলে বোর্গাস (৪১ বলে ৪৮) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় রংপুর। দুই ‘সেট ব্যাটসম্যানের বিদায়র পর বেশ চাপে পড়ে গেলেও কেভিন ও’ব্রায়েন (৮ বলে অপরাজিত ১৩) ও ডানজা হায়াট (৮ বলে অপরাজিত ২০) দলকে অনবদ্য জয় এনে দেন।
রুবেল হোসেনের করা শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল রংপুরের। প্রথম বলে নাঈমের মিস ফিল্ডিংয়ে এক রানের জায়গায় চার রান পেয়ে যাওয়া রংপুরের শেষ দুই বলে ৭ রান প্রয়োজন ছিল।
আগের ওভারে জীবন পাওয়া হায়াট পঞ্চম বলে লংঅন দিয়ে ছক্কা হাঁকালে স্কোর সমান হয়ে যায়। শেষ বলে ব্যাটে না লাগলেও রান নিতে তাদের কোনো সমস্যা হয় নি।
চট্টগ্রামের পক্ষে শন টেইট ও কেভন কুপার দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের ২৯ ও ডেভিড মিলারের ১৯ রানের পরও ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে চট্টগ্রাম।
সেখান থেকে চট্টগ্রাম দেড়শ পেরুয় রায়ান টেন ডোসকাটে ও আরিফুল হকের সৌজন্যে। পঞ্চম উইকেটে ৫ ওভার ৩ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। উনিশতম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরার আগে ৫০ রান করেন টেন ডোসকাটে। তার ৩২ বলের ইনিংসে দুটি করে ছক্কা ও চার।
শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন আরিফুল। তার ২০ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
রংপুরের পক্ষে নাসির হোসেন ও অধিনায়ক আব্দুর রাজ্জাক দুটি করে উইকেট নেন।
