২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ অমীমাংসিত

প্রথমে ফিল হিউজের অপরাজিত শতক। তারপর জাভিয়ের ডোহার্টি ও মোইজেস হেনরিক্সের দারুণ বোলিং। সব কিছুর যোগফল হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৩২ রানের জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজ তাই শেষ হল ২-২ অমীমাংসায়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬২/২ স্কোরে পরিণত হয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তখনই রুখে দাঁড়ান প্রথম ওয়ানডেতেও শতকের দেখা পাওয়া হিউজ।

শুরু থেকে ধীর গতিতে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন দারুণভাবে। ব্যক্তিগত ২০ রানের সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসের বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করলেও বেল না পড়ায় বেঁচে যান।

এই ঘটনাকেই বলা যায় হিউজের দারুণ ইনিংসের ‘টার্নিং পয়েন্ট’। চোটের কারণে মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা জর্জ বেইলিকে (১৭) নিয়ে ৯৬ বলে ৬০ ও ডেভিড হাসির (৩৪) সঙ্গে ১০২ বলে ৯৮ রানের দুটো চমৎকার জুটি গড়ে তোলেন তিনি।

হিউজের অপরাজিত ১৩৮ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া পেয়ে যায় ৫ উইকেটে ২৪৭ রানের লড়াই করার মতো সংগ্রহ। ১৫৪ রানের দুর্দান্ত ইনিংসটিতে ১৩টি চার ও একটি ছক্কা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়নি। তবে মাহেলা জয়াবর্ধনে (৩৮) ও তিলকরত্নে দিলশানের (১৯) ৫৭ রানের উদ্বোধনীর জুটির পর পথ হারিয়ে ফেলে অতিথিরা।

৭৭ রানে চতুর্থ ও ১০৮ রানে পঞ্চম উইকেট হারানো শ্রীলঙ্কানদের লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন ম্যাথিউস (৬৭) ও জীভান মেন্ডিস (২৬)। কিন্তু ৭৯ রানের জুটি গড়ে পর-পর দুই ওভারে দুজনেই আউট হয়ে গেলে অতিথিদের হারও নিশ্চিত হয়ে যায়।

২৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২১৫ রানে।

তিনটি করে উইকেট নেন ডোহার্টি ও হেনরিক্স।

সিডনিতে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে শনিবার। সোমবার মেলবোর্নে শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৭/৫ (ওয়েড ২৩, ওয়ার্নার ১০, হিউজ ১৩৮*, বেইলি ১৭, হাসি ৩৪, ম্যাক্সওয়েল ৯, হেনরিক্স ৯*; দিলশান ১/২২, পেরেরা ১/৩৯, মালিঙ্গা ১/৪৯, কুলাসেকারা ১/৫৭)

শ্রীলঙ্কা: ৪৮.৩ ওভারে ২১৫ (জয়াবর্ধনে ৩৮, দিলশান ১৯, থিরিমান্নে ১, চান্দিমাল ৬, ম্যাথিউস ৬৭, কুশাল পেরেরা ১৪, জীভান মেন্ডিস ২৬, থিসারা পেরেরা ৭, কুলাসেকারা ১৪*, হেরাথ ২, মালিঙ্গা ২; ডোহার্টি ৩/২১, হেনরিক্স ৩/৩২, জনসন ২/৪৫, ম্যাকে ২/৫১)

ম্যাচ সেরা: ফিল হিউজ।