২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও ঢাকা মেট্রোর জয়

ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে ঢাকা এক ইনিংস ও ১০৫ রানে বরিশালকে এবং ঢাকা মেট্রো সিলেটকে ৯ উইকেটে হারিয়েছে। অন্য ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম ও রংপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে ঢাকা এক ইনিংস ও ১০৫ রানে বরিশালকে এবং ঢাকা মেট্রো সিলেটকে ৯ উইকেটে হারিয়েছে। অন্য ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম ও রংপুর। ঢাকা-বরিশাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৬ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১৩ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ৩১ রান শাহরিয়ার রিপনের। ৫০ রানে ৫ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার মোশাররফ হোসেন। ঢাকা মেট্রো-সিলেট রংপুর ক্রিকেট গার্ডেনে ৮ উইকেটে ২৩৫ রান নিয়ে খেলা শুরু করে ২৬৫ রানে থেমে যায় সিলেটের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ঢাকা মেট্রোর লক্ষ্য দাঁড়ায় ৭৬ রান। এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা। শামসুর রহমান ৪৫ ও মার্শাল আইয়ুব ২৫ রানে অপরাজিত থাকেন। রংপুর-চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে ৯ উইকেটে ৪৮৭ রান নিয়ে খেলা শুরু করে কোনো রান যোগ না করে অলআউট হয়ে যায় রংপুর। ১৩৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে খেলা শেষ করে চট্টগ্রাম। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার শুভাশীষ রায়। এবারের লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব। ২টি শতকসহ ৬৭.১১ গড়ে ৬০৪ রান করেন তিনি। সর্বোচ্চ ২০৯। সবচেয়ে বেশি উইকেট সিলেটের এনামুল হক জুনিয়রের। ৬ বার ইনিংসে ৫ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার ১৯.৩২ গড়ে ৪৪ উইকেট নেন। ১৬টি ক্যাচ ও ৭টি স্টাম্পিংসহ ২৩টি ডিসমিসাল নিয়ে সেরা উইকেটরক্ষক ঢাকা মেট্রোর সগির হোসেন। ৪০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন খুলনা। রানার্সআপ ঢাকার পয়েন্ট ৩৮। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা মেট্রো। ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে গত চার বারের চ্যাম্পিয়ন রাজশাহী। সিলেট ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম, চট্টগ্রাম ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, রংপুর ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম ও বরিশাল ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে থেকে লিগ শেষ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৯ঘ.