২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিজয়োল্লাস

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। খেলা শেষ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করে হাজারো তরুণ। এ সময় রাজধানীর মিরপুর, মহাখালী, শাহবাগ, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায়ও রাস্তায় বের হয়ে আসে মানুষ। বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে আনন্দ উদযাপন করে তারা। এ সময় টিএসসি এলাকায় সমবেতরা বিজয় নৃত্যে মেতে ওঠে। তাদের আনন্দ উদযাপনে যোগ হয় আতশবাজিও। শুধু বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নয় আশপাশের এলাকা থেকে সেখানে উপস্থিত হয় তরুণরা। খেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের টেলিভিশন কক্ষগুলো থাকে কানায় কানায় পূর্ণ। একেবারে ঘরকুনো স্বভাবের শিক্ষার্থীটিও বসে থাকেননি নিজকক্ষে। জিততে যখন ৫০ রান বাকি তখন থেকেই প্রতি রানে হাততালি আর নৃত্যে ভরে ওঠে টেলিভিশন কক্ষগুলো। সবশেষে নাসির হোসেনের ব্যাট থেকে বিজয় নিশ্চিত করা চারটি আসার পরই যার হাতে যা ছিল তা নিয়েই হল থেকে টিএসসির দিকে ছোটে শিক্ষার্থীরা। অনেকে আসে মিছিল নিয়ে, কেউবা আসে ব্যক্তিগতভাবে। কারো হাতে ঢোল-তবলা। আর কারো হাতে থাকে থালাবাটি যাকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে তারা। টিএসসি এলাকায় লাল সবুজ পতাকার মিছিলও দেখা যায়। এ যেন বিজয়ের মাসে আরেকটি বিজয় উদযাপন। বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে টিএসসিতে মিছিলের সঙ্গে আসেন আহসানুল আরাফাত জুয়েল। কেমন লাগছে জানতে চাইতে বলেন, “এখন তো কিছু বলার সময় নয়- এখন সময় শুধু উৎসবের। বিজয়ের মাসে আনন্দের একটি অনুষঙ্গ এই বিজয়।” পুরান ঢাকা থেকে টিএসসিতে আসেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আদনান ফারুক। বাংলাদেশ দলের জয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “খেলা দেখে মনে হয়েছে সব ক্রিকেটারই একেকটি টাইগার। সত্যি অনেক আনন্দিত। তাই উৎসবে মিলিত হতে এখানে না এসে থাকতে পারলাম না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৫৪ ঘ.