ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় চার রানের জন্য দ্বি-শতক করতে পারেননি হাশিম আমলা। তবে আমলার ১৯৬ ও এবি ডি ভিলিয়ার্সের ১৬৯ রানের দুটো দুর্দান্ত ইনিংসের সুবাদে পার্থে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের হাতছানি। ৬৩২ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান।
টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান করে রেকর্ডটা গড়েছিল ক্যারিবীয়রা। চার বছর আগে পার্থেই ৪১৪ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
রোববার ৯৯ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামা আমলা অষ্টাদশ টেস্ট শতকে পৌঁছে যান দিনের তৃতীয় বলেই। তবে সেখানেই থেমে থাকেননি। ডি ভিলিয়ার্সকে নিয়ে গড়ে তোলেন ১৪৯ রানের জুটি।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে অপরাজিত ৩১১ রানের ইনিংসটির স্মৃতি ফিরিয়ে আনা আমলাকে চা-বিরতির কিছুক্ষণ আগে দুর্দান্ত এক ফিরতি ক্যাচে আউট করেন মিচেল জনসন। ৩৫০ মিনিট ও ২২১ বল স্থায়ী ইনিংসটিতে ২১টি চার।
চার বল পরই ডিন এলগারকে অভিষেকে ‘পেয়ার’ অর্থাৎ দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার লজ্জায় ফেলেন জনসন।
তবে ডি ভিলিয়ার্স তাতে দমে যাননি। শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও অর্ধশতকে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার বোলারদের ওপরে চড়াও হন তিনি। অতিথিদের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের আগুনে সবচেয়ে বেশি পুড়তে হয়েছে নাথান লিয়নকে।
ডি ভিলিয়ার্সের তিনটি ছক্কাই এসেছে অস্ট্রেলিয়ার অফস্পিনারের বলে। এর মধ্যে একটি লং অন পেরিয়ে আছড়ে পড়েছে গ্যালারিতে।
চতুর্দশ টেস্ট শতকেও পৌঁছেছেন রাজসিক ঢংয়ে, ৮৯ থেকে টানা তিন বলে চার মেরে। তিনটি চারই এসেছে রিভার্স সুইপে। এবারো দুর্ভাগা বোলারের নাম লিয়ন!
শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্সকে থামিয়েছেন মিচেল স্টার্ক, উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দী করে। ১৮৪ বলের ঝড়ো ইনিংসটি তিনটি ছক্কা ছাড়াও ২১টি চারে সমৃদ্ধ।
৬ উইকেট নিলেও সেজন্য স্টার্কের খরচ ১৫৪ রান। পঞ্চম টেস্ট খেলতে নামা এই বাঁহাতি পেসারের এটি প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। ১১০ রানে ৪ উইকেট নেন জনসন।
জীবনের শেষ টেস্টে শেষ বারের মতো বল করেছেন রিকি পন্টিং। পার্থের ওয়াকা গ্রাউন্ডের প্রায় ১৩ হাজার দর্শকের তুমুল করতালি ও হর্ষধ্বনির মধ্যে এক ওভারে তিন রান দিয়েছেন তিনি। তবে টেস্ট-ওয়ানডে দুটোতেই অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি রান করা পন্টিংয়ের জয় দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২২৫ ও ৫৬৯ (আলভিরো ২৩, স্মিথ ৮৪, আমলা ১৯৬, ক্যালিস ৩৭, ডি ভিলিয়ার্স ১৬৯, এলগার ০, দু প্লেসি ২৭, পিটারসন ০, ফিল্যান্ডার ১৪*, স্টেইন ৮, মরকেল ০; স্টার্ক ৬/১৫৪, জনসন ৪/১১০)
অস্ট্রেলিয়া : ১৬৩ ও ৪০/০ (কাওয়ান ৯*, ওয়ার্নার ২৯*)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৭ঘ.
bdnews24