২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সোমবার মুরস ক্রিকেট গ্রাউন্ডে সেই প্রস্তুতির শেষ অধ্যায়। বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে জয় দিয়েই প্রস্তুতি পর্ব শেষ করতে চায় মুশফিকুর রহিমের দল। ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। আরেক বার আইরিশদের মুখোমুখি হওয়ার আগের দিন অনুশীলনটা অবশ্য ভালো হয়নি। রোববার বৃষ্টির তাণ্ডবে প্রায় আধা ঘন্টা ফুটবল খেলেই অনুশীলনের সমাপ্তি টানতে হয়েছে রিচার্ড পাইবাসের শিষ্যদের। বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, “আমরা শুরুটা ভালো করতে চাই। শুরুতে পিচ থেকে সহায়তা নেয়ার চেষ্টা করবো।” জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো অবস্থা থেকে দ্রুত কয়েকটি উইকেটের পতন অস্বস্তিতে ফেলে দিয়েছিল মুশফিকুর রহিমের দলকে। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের অপরাজিত ২৬ রান লক্ষ্যে পৌঁছে দেয় বাংলাদেশকে। তবে এ নিয়েও মাশরাফির মনে কোনো দুর্ভাবনা নেই। তিনি বলেন, “শুরুটা ভালো হলেও কয়েক জনের দ্রুত বিদায়ে ম্যাচটা কিছুটা কঠিন হয়ে পড়েছিলো। টি-টোয়েন্টি ম্যাচে এটা হতেই পারে।” সোমবার বিশ্বকাপে বাংলাদেশের দুই গ্র“প প্রতিপক্ষও মাঠে নামবে। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১১ঘ.