ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্দ্রে ফ্লেচার ও কাইল হোপের শতকের সুবাদে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে চার দিনের ম্যাচে বিশাল সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। প্রথম দিন শেষে অতিথিদের স্কোর ৫ উইকেটে ৩৯৪ রান।
দিন শেষে হোপ ১৪৬ রানে অপরাজিত। তার ১৮৪ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা। অন্যপ্রান্তে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইট ব্যাট করছেন ২ রান নিয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডলার মাহমুদের করা দিনের প্রথম ওভারেই বিদায় নেন কেজর্ন ওটলি। তখনো রানের খাতা খুলতে পারেনি অতিথিরা।
তবে মারলন বার্কলের (৩১) সঙ্গে ফ্লেচারের ৮১ রানের দ্বিতীয় উইকেট জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। বার্কলেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটিটা ভাঙ্গেন শাকের আহমেদ।
কিন্তু তৃতীয় উইকেটে হোপের সঙ্গে ফ্লেচারের ১৩৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয় অতিথিদের। নাজমুল অপুর বলে আনামুল হক বিজয়ের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেয়ার আগে ১০৫ রান করেন ফ্লেচার। ১৬৫ বলের ইনিংসটি সাজানো ১৬টি চার ও এক ছক্কায়।
চতুর্থ উইকেটে কেডি লেসপোরিসের সঙ্গে হোপের ১৬৮ রানের আরেকটি বড় জুটি স্বাগতিকদের হতাশা বাড়িয়ে দেয় আরো। মাত্র ৩ রানের জন্য শতকবঞ্চিত লেসপোরিসের ৯৭ রানের ইনিংসে ১১টি চার।
এরপর ইয়ানিক ক্যারিয়াহকে শূন্য হাতে বিদায় করে দিনের শেষ ভাগে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে আরেকটি সাফল্য এনে দেন শাকির।
প্রথম দিনে শাকিরের মতো অপুরও দুটো উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৩ঘ.
bdnews24