২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এতো উইকেট হারানো ঠিক হয় নি’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেট হারানোকে ব্যাটিং ব্যর্থতা হিসেবে দেখছেন ম্যাচ সেরা লতা মন্ডল ও অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেট হারানোকে ব্যাটিং ব্যর্থতা হিসেবে দেখছেন ম্যাচ সেরা লতা মন্ডল ও অধিনায়ক সালমা খাতুন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে লতা বলেন, “এতো কম রানের লক্ষ্য তাড়া করতে ৮ উইকেট হারানো ঠিক হয় নি। আজ (বৃহস্পতিবার) ব্যাটিং ভালো হয় নি, পরের ম্যাচে এই জায়গায় উন্নতির সুযোগ রয়েছে।” “যতক্ষণ আমি ক্রিজে ছিলাম ততক্ষণ ম্যাচের ফল নিয়ে মনে কোনো সংশয় ছিল না। কিন্তু সাজঘরে ফেরার পর মনে হয়েছে ম্যাচ বোধহয় কঠিনই হয়ে গেল। তারপরও জেতার আশা কখনোই ছাড়িনি,” যোগ করেন এই অলরাউন্ডার। দলীয় ৫৬ রানে বিদায় নেয়ার আগে ৫৪ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করেন লতা। ৮ উইকেট পড়ার পেছনে অতিথি বোলারদের ভালো বোলিংয়ের চেয়ে স্বাগতিকদের বাজে শটকেই দায়ী করেছেন লতা। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার পেসাররা ভালো বল করেছেন। কিন্তু ৮ উইকেট পড়ে যাওয়ার মতো বল তারা করেন নি। বাজে শট খেলেই আমরা আউট হয়েছি।” “দক্ষিণ আফ্রিকার বোলারদের গতি কোনো সমস্যা করে নি, কিন্তু সুইং সামলাতে বেশ বেগ পেতে হয়েছে। পরের ম্যাচে এই ব্যাপারটায় আমরাদের সতর্ক থাকতে হবে,” যোগ করেন লতা। প্রথম দেখায় দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সিরিজ জয়ের লক্ষ্য সালমার। তিনি বলেন, “সুইং আজ (বৃহস্পতিবার) আমাদের বেশ ঝামেলায় ফেলেছে। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট না হারালে ম্যাচ এতো কঠিন করে জিততে হতো না।” “আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি। এই ম্যাচ থেকে ছোট খাটো কিছু ভুল ত্র“টি চিহ্নিত করেছি। শুক্রবারের দ্বিতীয় ম্যাচের আগে আমরা এগুলো নিয়ে কাজ করবো,” যোগ করেন সালমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩০ ঘ.