ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্ব খেলাকে দুর্ভাগ্যজনক মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ত্রিনিদাদ ও টোবাগোর চিফ অপারেশন্স ম্যানেজার দুদনাথ রামকিষণ।
আইপিএলের চতুর্থ দলের সরাসরি চূড়ান্ত পর্বের খেলার ঘোষণা দেয়ার একদিন পর এই মন্তব্য করলেন রামকিষণ।
আইপিএলর চার নম্বর দলটি সরাসরি খেললে পাকিস্তানের চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্স, নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন অকল্যান্ড এসেস, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো, শ্রীলঙ্কার একটি ও ইংল্যান্ডের দুটি দলকে খেলবে বাছাই পর্বে। সেখান থেকে শীর্ষ দুই দল চূড়ান্ত পর্বে অন্য আট দলের সঙ্গে যোগ দেবে।
রাম কিষণ তার প্রতিক্রিয়ায় বলেন, “এখনো কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাছাই পর্বে খেলা আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যজনক বিশেষ করে গত দুবার আমাদের দুর্দান্ত খেলার পর।”
ওয়েস্ট ইন্ডিজের দলটি ২০০৯ সালের রানার্সআপ এবং গত আসরে বাছাই পর্বের শীর্ষ দল হিসেবেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে।
হতাশা প্রকাশ করলেও বাছাই পর্বেও শক্তিশালী দল পাঠানো হবে জানিয়েছেন রামকিষণ। দলের তিন আইপিএল খেলোয়াড় কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারায়ণকে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলার অনুরোধ করা হবে বলেও জানান তিনি।
কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবানকে চূড়ান্ত পর্বের ভেন্যু হিসেবে ঘোষণা করা হলেও বাছাই পর্বের তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৪১ ঘ.
bdnews24