ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীলের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়া নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।
গত সপ্তাহে মারভিন ওয়েস্টফিল্ড ও কানেরিয়ার স্পট ফিক্সিং সহ দুটি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে ইসিবি। কানেরিয়া অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি এই ঘটনায় তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে ইসিবির নিষেধাজ্ঞার শাস্তি বহাল থাকলে কানেরিয়ার ক্রিকেট-জীবনের অবসান হওয়ার সমূহ আশঙ্কা। ইসিবির রায়ের পর আপীল করার জন্য তার হাতে ১৪ দিন আছে।
টেস্টে পাকিস্তানের পক্ষে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী কানেরিয়ার মতে, ইসিবির এই রায় একদমই ‘অন্যায্য’ হয়েছে। এবং কানেরিয়ার দাবি ম্যাচ পাতানোয় ওয়েস্টফিল্ডের জড়িত থাকার অপরাধকে লঘু করার জন্যই তাকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, “ওয়েস্টফিল্ড তার শাস্তির মেয়াদ কমাতে চাইছে। নিজের সাজা কমানোর জন্যই সে আমার পেছনে লেগেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৫ঘ.
bdnews24