ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌম্য সরকারের দ্বিশতকের পর আবু হায়দারের ৯ উইকেটের সুবাদে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্র“পের খেলায় কাতার অনূর্ধ্ব-১৯ দলকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
‘বি’ গ্র“পের অন্য খেলায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্র“পের দুই খেলায় মালয়শিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল এবং একই ব্যবধানে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
কুয়ালালামপুরের সেলাঙ্গুর টার্ফ ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৬৩ রান করে বাংলাদেশ।
আসলাম হোসেন (২) ও সালমান হোসেন (৫) দ্রুত বিদায় নিলেও বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সৌম্য ও অধিনায়ক আসিফ আহমেদ। তৃতীয় উইকেটে এ দুজন গড়েন ২৫০ রানের বড় জুটি।
দলীয় ৩১৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২০৯ রান করেন সৌম্য। তার ১৩৫ বলের ইনিংসে ২৭টি চার ও ৮টি ছক্কা। সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি আসিফও (৮৭)। তার ১১০ বলের ইনিংসে রয়েছে ৮টি চার ও ১টি ছক্কা।
এরপর নুরুল হাসান (১২), নুর হোসেন (১০*) ও দেওয়ান সাব্বিরের (১৫*) ছোট তিন ইনিংসের সুবাদে সাড়ে তিনশ পেরোয় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি কাতার। হায়দারের তোপের মুখে ১১ ওভার ৪ বলেই ৩৫ রানে অলআউট হয়ে যায় দলটি।
৫ ওভার ৪ বলে ১০ রানে ৯ উইকেট নিয়ে একাই কাতারকে গুড়িয়ে দেন হায়দার। এর মধ্যে দুবার হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন তিনি। কাতারের ব্যাটসম্যান ওমর ইশতিয়াক চোটের কারণে ব্যাটিং করেন নি। তিনি নামলে ১০ উইকেটের সবকটিই পেয়ে যেতে পারতেন বাঁ-হাতি এই পেসার।
যৌথভাবে ম্যাচ সেরা হয়েছেন হায়হার ও সৌম্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএইচ/১৬৩৫ ঘ.
bdnews24