২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেও নিজেকে নির্দোষ দাবি বাটের

৭ মাস কারাভোগের পর শুক্রবার সকালে পাকিস্তানে পৌঁছে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সালমান বাট। সেই সঙ্গে স্পট ফিক্সিংয়ের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি আবারো অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৭ মাস কারাভোগের পর শুক্রবার সকালে পাকিস্তানে পৌঁছে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সালমান বাট। সেই সঙ্গে স্পট ফিক্সিংয়ের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি আবারো অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ২০১০ সালের লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত বছর নভেম্বরে যুক্তরাজ্যের একটি আদালত বাটকে আড়াই বছরের করাদ- দেয়। একই অপরাধে কারাভোগ করেছেন দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই তিনজনকে কমপক্ষে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সকালে লাহোর বিমানবন্দরে পৌঁছানোর পর বাট বলেন, “আমার ব্রিটিশ প্রতিনিধি আমাকে যে খবর দিয়েছিলো তার ভিত্তিতে আগেই রিপোর্ট না করাটা আমার সবচেয়ে বড় ভুল ছিলো। কিন্তু সে (মাজহার মাজিদ) বন্ধু ছিলো। এবং আমি আশা করেছিলাম সে তার ভুল বুঝতে পারবে।” “আমি পাকিস্তানের জনগণ, সব ক্রিকেটার, যারা আমাকে সমর্থন করেছেন এবং তারকা বানিয়েছেন তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু সেটা যথাসময়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কারণে,” জোরের সঙ্গে বলেন বাট। ক্যারিয়ারে কখনোই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন না এমন দাবি আবারো করে বাট বলেন, “আমি কখনো কোনো প্রস্তাব গ্রহণ করিনি। বাস্তবে কখনোই কোনা ম্যাচে স্পট ফিক্সিংয়ে নিজেকে জড়াইনি। এমনকি এটা করার জন্য কখনো কাউকে কিছু বলিনি।” একজন ভালো মানুষ, ভালো ক্রিকেটার ও ভালো পাকিস্তানি হিসেবে তিনি আবারো ফিরতে চান বলে জানান বাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৮ ঘ.