ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশানের শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩০০/২।
সাঙ্গাকারা ১১১ ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ৫৫ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে এ পর্যন্ত তারা ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এরই ফাঁকে সাঙ্গাকারা পেয়েছেন তার ২৯তম টেস্ট শতক। পাকিস্তানের বিপক্ষে এটি তার অষ্টম শতক। সাঙ্গাকারার ১৯৪ বলের ইনিংসে ১৩টি চার।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে থারাঙ্গা পারানাভিতানার (২৪) সঙ্গে দিলশানের ৬৩ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়।
দ্বিতীয় উইকেটে দিলশান ও সাঙ্গাকারার ১২৪ রানে জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ১৮৭ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০১ রান করেন দিলশান। এটি তার ত্রয়োদশ শতক। তার ১৮০ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা। এক বছরের বেশি সময় পরে তিন অঙ্কের কোঠায় পৌঁছালেন তিনি।
চা-বিরতির দুই ওভার আগে দিলশানের বিদায়ে অতিথিদের মনে একটু আশা জাগালেও শেষ সেশনে তাদের একরাশ হতাশা উপহার দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারা ও জয়াবর্ধনে।
প্রথম দিনের উইকেটে পেসার জন্য তেমন কিছু ছিল না। স্পিনাররা একটু সহায়তা পেলেও তাদের কোনো সুযোগই দেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৩০০/২ (পারানাভিতানা ২৪, দিলশান ১০১, সাঙ্গাকারা ১১১*, জয়াবর্ধনে ৫৫*; আজমল ২/৮১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২১ ঘ.
bdnews24