ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটানা খেলতে-খেলতে ক্লান্ত সাকিব আল হাসান বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন। ছুটি পাওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি।
অর্থাৎ আগামী ১২ জুন জিম্বাবুয়েগামী বাংলাদেশ দলে থাকছেন না সাকিব।
জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ বাংলাদেশ। ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সাংবাদিকদের সাকিব বলেন, “ছুটি পাওয়ায় ভালো লাগছে। এই ছুটিটা খুব দরকার ছিল।”
“ছুটি কিভাবে কাটাবো তা এখনো ভাবিনি। তবে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে চাই,” যোগ করেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।
প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, সাকিবের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন অপেক্ষমান তালিকায় থাকা জহুরুল ইসলাম অমি।
আইপিএলে খেলে দেশে ফেরার পর কয়েক দিন আগে বিসিবির কাছে ছুটির আবেদন করেন সাকিব। তার সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৫টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। এ বছর বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলস ও আইপিলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ছাড়াও জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও অংশ নিয়েছেন তিনি। গত দুই বছর খেলেছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও।
সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের শক্তি অনেকটাই খর্ব করবে বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, “সাকিব থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যেতো। তার কোনো বিকল্প নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/এএআর/১৮৪৮ঘ.
bdnews24