ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টি- টোয়েন্টিতে পাকিস্তানকে সহজেই ৩৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। একই মাঠে রোববার দ্বিতীয় ম্যাচে খেলবে দুই দল।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭ ওভার ৪ বলে ৯৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম দুই বলে অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও শাকিল আনসারীকে বিদায় করে দিয়ে অতিথিদের ভালো সূচনা এনে দেন নুয়ান কুলাসেকারা।
তৃতীয় উইকেটে শোয়েব মালিকের (৯) সঙ্গে আহমেদ শেহজাদের ৩৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। চতুর্থ উইকেটে ওমর আকমলের (১২) সঙ্গে ২২ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়েন শেহজাদ।
দলীয় ৬৮ রানে আকমলের বিদায়ের পর অতিথিরা নিয়মিত বিরতিতে উইকেট হারালে খেলায় চালকের আসনে বসে শ্রীলঙ্কা। দলীয় ৮৫ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শেহজাদের (৩৬) বিদায়ের পর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত খাত থেকে।
শ্রীলঙ্কার পক্ষে চার বোলার নেন দুটি করে উইকেট। এর মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪ ওভারে ৮ রানে নেন উইকেট দুটি। শ্রীলঙ্কার পক্ষে এটি সবচেয়ে মিতব্যয়ী বোলিং।
এর আগে সোহেল তানভীরের মারাত্মক বোলিংয়ে ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে শ্রীলঙ্কা।
লাহিরু থিরিমান্নের ৩০, ম্যাথিউসের ৯ ও কুশল লকুরাচ্চির ১১ রানের সুবাদে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে শ্রীলঙ্কা।
অষ্টম উইকেটে কুলাসেকারার (৬*) সঙ্গে থিসেরা পেরেরার অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থাকেন পেরেরা। তার ১৬ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা।
১২ রানে ৩ উইকেট নিয়ে তানভীর পাকিস্তানের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৮ ঘ.
bdnews24