ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান করে নিয়েছেন ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার।
টাইম ম্যাগাজিনের এ সপ্তাহের দক্ষিণ এশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সংস্করণের প্রচ্ছদে থাকছে শচীনের ছবি। ছবির নিচে লেখা থাকছে ‘ক্রিকেটের ঈশ্বর’। শচীনের একটি সাক্ষাৎকার থাকছে সাময়িকীটির এ সংখ্যায়।
শুক্রবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদ সাময়িকীর ২০১০ সালে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও ছিলো শচীনের নাম।
সাক্ষাৎকারে শচীন বলেন, এখনো ম্যাচের আগের রাতে মানসিক চাপে ঘুমোতে পারেন না তিনি। এ চাপই রেকর্ডভাঙা পারফরমেন্সের জন্য তাকে তৈরি করে।
বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম হিসেবে স্বীকৃতি পাওয়া শচীন একের পর এক রেকর্ড গড়েছেন ও ভেঙেছেন। স¤প্রতি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শততম সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি।
শততম সেঞ্চুরি করার সম্মানে গত মাসে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য মনোনীত করা হয় তাকে।
তবে সবকিছুর আগে ক্রিকেটকেই তিনি সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে টাইম ম্যাগাজিনকে বলেন শচীন।
সাক্ষাৎকারে বেরিয়ে আসে শচীনের ক্রিকেট ভাবনা।
“শুধু সামনের ম্যাচ নিয়েই আমি ভাবি। অনেক আগে থেকে আমি পরিকল্পনা করি না। আমি এটা কখনো করিনি। বেশিরভাগ সময় আমি পরবর্তী টুর্নামেন্ট বা সিরিজ নিয়ে পরিকল্পনা করি। ধাপে ধাপে আমি লক্ষ্যে পৌঁছাতে চাই,” বলেন তিনি।
ক্রিকেটই নিয়েই যতো ভাবনা জানিয়ে শচীন বলেন, “আমি সব সময় শুধু খেলাটা নিয়েই চিন্তা করতে পছন্দ করি, এর পেছনে থাকা বাণিজ্য নিয়ে নয়। আমি বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিই ঠিকই। তবে কখনোই আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে আপোষ করে নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/১৩৪৯ ঘ.
bdnews24