ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিক্টোরিয়ার সঙ্গে খেলতে আবাহনীর অস্বীকৃতি জানানোর পর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা স্থগিত হয়ে গেছে।
বুধবার পণ্ড হওয়া এই খেলার পর রাতে লিগের আয়োজক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সাময়িতভাবে লিগের খেলা স্থগিত করা হয়েছে।
সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলায় বুধবার ভিক্টোরিয়ার বিরুদ্ধে ‘অবৈধ ক্রিকেটার’ খেলানোর অভিযোগ এনে তাদের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী।
এরপর বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে ভিক্টোরিয়াকে বিজয়ী ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ।
ভিক্টোরিয়ার পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ ২০১০-১১ মৌসুমে ছিলেন মোহামেডানের খেলোয়াড়। দেশের হয়ে বিশ্বকাপের প্রাথমিক দলে থাকায় মোহামেডানের হয়ে শেষ কটি ম্যাচ তিনি খেলেননি।
চলতি বছর ইউসুফ এসেছেন ভিক্টোরিয়ার হয়ে খেলতে। মোহামেডান দাবি করছে, তিনি এখনো তাদের খেলোয়াড়। ‘জাল’ ছাড়পত্র নিয়ে তিনি ভিক্টোরিয়ার হয়ে খেলছেন।
আবাহনীর বিপক্ষে ইউসুফ মাঠে নামার পর লিগের অন্য ম্যাচগুলো খেলবে না হুমকি দিয়ে বিসিবি ও সিসিডিএমকে চিঠি দেয় মোহামেডান।
অন্যদিকে আবাহনীও হুমকি দেয়, ইউসুফের বিষয়ে সিসিডিএম তার অবস্থান স্পষ্ট না করে আবাহনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
এর মধ্যে লিগ স্থগিতের সিদ্ধান্ত এল।
সিসিডিএমের প্রতি দেশের বড় দুই দলের অনেক অভিযোগ। রাস্তায় গণ্ডগোলের কারণে সময় মতো মাঠে পৌঁছাতে না পারা সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়াসহ আরো অনেক অভিযোগ সিসিডিএমের দিকে।
ইউসুফ চৌধুরী সাংবাদিকদের বলেন, “৩১ মার্চ এমনিতেই আমাদের একটি সভা রয়েছে। সে দিন আমরা জরুরি ভিত্তিতে এসব ব্যাপার নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে ব্যাপারটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলার জন্য ফেব্রুয়ারিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় ঢাকা লিগ। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ ওয়ানডে সিরিজের জন্যও খেলা পেছানো হয়।
লিগের আর তিন পর্বের খেলা রয়েছে। সিসিডিএমের সময়সূচি অনুযায়ী ৬ এপ্রিল লিগ শেষ হওয়ার কথা ছিল।
বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়া। তাদের পেছনেই রয়েছে গাজী ট্যাংকস। তৃতীয় অবস্থানে রয়েছে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/২১৩০ ঘ.
bdnews24