২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা সময়ে ‘অন্যরকম’ জন্মদিন সাকিবের

ব্যাটে-বলে সময়টা দারুণ কাটানো অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৫তম জন্মবার্ষিকীটি অন্যরকমই হয়ে রইলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটে-বলে সময়টা দারুণ কাটানো অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৫তম জন্মবার্ষিকীটি অন্যরকমই হয়ে রইলো। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিবের কাছে এবারের জন্মদিনে (শনিবার) শুভেচ্ছা গেছে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি দারুণ সিরিজ খেলার পর এশিয়া কাপে সেরা খেলোয়াড় হয়েছেন জন্মস্থান মাগুরায় বেড়ে ওঠা সাকিব। ২০০৭ সালে ভারতের বিপক্ষে দেশের হয়ে টেস্ট অভিষেক হয় বিকেএসপির এই ছাত্রের। তার আগের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। বিপিএলের সেরা খেলোয়াড়ের গৌরবও তার অধিকারে। দেশের হয়ে ২৬টি টেস্ট খেলেছেন সাকিব। এতে ৩৪.৬৮ গড়ে দুই শতকসহ করেছেন ১৬৩০ রান। আর ৩১.৩৬ গড়ে নিয়েছেন ৯৬ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ৯ বার। ইনিংস সেরা ৭/৩৬, ম্যাচ সেরা ৯/১১৫। ১২৬টি ওয়ানডেতে ৫ শতক সহ ৩৫.৬৩ গড়ে করেছেন ৩৬৩৫ রান। আর ২৮.৮৫ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা ৪/১৬। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। সম্মানটা ২০১১ সালের এপ্রিল পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে শীর্ষস্থান হারালেও মাত্র ৮ ম্যাচ (জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) খেলেই গত নভেম্বরে ওই গৌরব ফিরে পান এই বাঁহাতি অলরাউন্ডার। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে অবশ্য আবারো ওয়াটসনের পেছনে পড়েছেন সাকিব। তবে এশিয়া কাপে যেভাবে খেলেছেন তাতে শীর্ষস্থান ফিরে পেতে তার খুব অসুবিধা হওয়ার কথা নয়। গত ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন সাকিব। গত সপ্তাহে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সম্মানটা ধরে রেখেছেন তিনি। দেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব। ১০০ উইকেট নিয়ে তার চেয়ে এগিয়ে কেবল মোহাম্মদ রফিক। ওয়ানডেও দ্বিতীয় স্থানে আছেন তিনি, ১৮৫ উইকেট নিয়ে তার চেয়ে এগিয়ে কেবল আব্দুর রাজ্জাক। ৪৭টি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর মধ্যে জয় ২২টিতে আর হার ২৫টিতে। সাফল্যের হারে তিনিই অধিনায়কদের মধ্যে সবচেয়ে এগিয়ে। ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন একবার। টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সাকিব। ৩০২৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন হাবিবুল বাশার সুমন। ওয়ানডেতে অবশ্য সর্বোচ্চ রান সাকিবেরই। ৩৩৯৭ রান নিয়ে তার পেছনে আছেন মোহাম্মদ আশরাফুল। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ডও সাকিবের। ৪ শতক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরিয়ার নাফীস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/২২৪৭ ঘ.