ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শততম শতক পেতে যে এত দিন অপেক্ষা করতে হবে, তা ভাবতেও পারেননি শচীন টেন্ডুলকার। তবে সমালোচকদের বাক্যবাণকেও কখনো পাত্তা দেননি তিনি। ‘ওপেন’ নামের একটি ভারতীয় ম্যাগাজিনকে দেয়া একান্ত সাক্ষাতকারে সে সব কথা অকপটে জানালেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
গত বছরের ১২ মার্চ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন ৯৯তম শতক। শততম শতক পেলেন দীর্ঘ অপেক্ষা শেষে, ১৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে। মাঝের এক বছর চার দিনের প্রতিটা মুহূর্ত তাকে অপেক্ষায় থাকতে হয়েছে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য।
সেজন্যই বোধহয় শততমটিকে জীবনের সবচেয়ে কঠিন শতক বলে নির্দ্বিধায় রায় দিচ্ছেন টেন্ডুলকার। তিনি বলেন, “কোনো সন্দেহ নেই এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন শতক। আমি জানি না এর কারণ কী। তবে এটাই বাস্তবতা। হয়তো এটার জন্য পুরো জাতি আচ্ছন্ন হয়ে ছিলো বলেই এমন হয়েছে।”
“মাঝের সময়টায় এমন কোনো দিন আসেনি যেদিন কেউ না কেউ আমাকে শতকের কথা মনে করিয়ে দেয়নি। মনে হচ্ছিলো আমার অতীতের অর্জনগুলোর কোনো মূল্য নেই আর আমাকে শুধু শততম শতক দিয়েই মূল্যায়ন করা হবে,” যোগ করেন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।
তবে কষ্টের ঐ সময়টায় সমালোচকদের বিদ্রুপ হতোদ্যম করতে পারেনি টেন্ডুলকারকে। শততম শতক পেয়ে এখন তিনি ভীষণ নির্ভার। সমালোচকদের একহাত নিয়ে তাই তিনি বলেন, “সমালোচকরা আমাকে ক্রিকেট শেখায়নি। এ ধরনের লোককে আমি কখনো গুরুত্বও দেই না।”
“সমালোচকরা আমার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে কিছু জানেন না। তাদের কাউকেই আমার মতো কঠিন সময় পার করতে হয়নি। আমার চিন্তা-ভাবনা বা অনুভূতি বোঝাও তাদের পক্ষে অসম্ভব,” যোগ করেন টেন্ডুলকার।
ভারতের প্রতিনিধিত্ব এখনো আগের মতো উপভোগ করার কথা জানিয়ে তিনি বলেন, “ভালোবাসি বলেই আমি এখনও খেলছি। আর ভারতের হয়ে খেলার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সতীর্থদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এখনও আমি আবেগতাড়িত হয়ে পড়ি। ব্যাট করতে নামার সময় আগের মতো উৎসাহিতও বোধ করি।”
কপিল দেব ও ইমরান খানের মতে, গত বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে বিদায় নেয়া উচিৎ ছিলো টেন্ডুলকারের। কিন্তু দুই জীবন্ত কিংবন্তীর সঙ্গে একমত নন তিনি।
বিশ্বকাপ শেষেও ওয়ানডে খেলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকা প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, “বিশ্বকাপের সাফল্য শুধু মাত্র ছিলো ভারতের এবং ঐ গুরুত্বপূর্ণ ঘটনাটিকে নিজের স্বার্থে ব্যবহারের কোনো অধিকার আমার ছিলো না। ট্রফি জেতার পর ঘোষণাটা দিলে বিশ্বকাপ সাফল্য থেকে সরে আমার অবসরের দিকে সবার মনযোগ পড়তো। সত্যি বলতে কি, বিশ্বকাপ জয়ের পর অবসরের কোনো তাৎপর্য্যই ছিলো না আমার কাছে।”
তা হলে কবে তিনি সিদ্ধান্তটা নেবেন? এমন প্রশ্নের উত্তরে দ্বিধান্বিত টেন্ডুলকার বলেন, “শুধু এটুকুই বলতে পারি, আমি এখনও খেলাটা দারুণ উপভোগ করছি। এবং যত দিন সম্ভব খেলে যাবো। অবসর নিয়ে মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলার কোনো কারণ নেই আমার। আমি অবশ্যই মিডিয়াকে জানাবো। তারা তো আমার সঙ্গে গত ২৪ বছর ধরে আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৯ঘ.
bdnews24