ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের বৃষ্টিবিঘিœত প্রথম দিনটা খারাপ কাটেনি দক্ষিণ আফ্রিকার। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৩৬ রান। যদিও দুটো উইকেটেরই পতন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে।
সপ্তাহ খানেক ধরে ওয়েলিংটনে বৃষ্টি চলছে। আগের রাতেও বৃষ্টি হওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয় মধ্যাহ্ন-বিরতির পর, দুপুর ২টায়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। কিন্তু বোলিং অনুকূল পরিবেশে বল হাতে পেলেও জ্বলে উঠতে পারেননি স্বাগতিক পেসাররা। যদিও প্রথম সাফল্যের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাদের।
অবশ্য সেই সাফল্য প্রাপ্তি যথেষ্টই বিতর্কিত। ডগ ব্রেসওয়েলের করা ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা সেটি। গ্রায়েম স্মিথের ব্যাটকে ফাঁকি দিয়ে বল উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইকের গ্লাভসে জমা পড়তেই সমস্বরে আবেদন জানান নিউজিল্যান্ডের ফিল্ডাররা। আম্পায়ার আলীম দারও আঙুল তুলে দেন।
কিন্তু সন্দেহ হওয়ায় রিভিউ চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল ব্যাটের সংস্পর্শেই আসেনি। মাইক্রোফোনে অবশ্য অস্পষ্ট কিছু শব্দ শোনা যাচ্ছিলো। তাতেই নিঃসন্দেহ হয়ে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার বিলি ডকট্রোভ।
১৩ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর আলভিরো পিটারসেনের সঙ্গে জুটি বাঁধেন হাশিম আমলা। দুজনের দৃঢ়তায় চা-বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি দক্ষিণ আফ্রিকানদের।
কিন্তু চা-বিরতির পর প্রথম ওভারেই ডকট্রোভের আরেকটি বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হয় আমলাকে। মার্ক গিলেস্পির খাটো লেন্থের বল পুল করতে চেয়েছিলেন আমলা। কিন্তু বল ব্যাটে লেগে চলে যায় ভ্যান উইকের গ্লাভসে। প্রথমে আউট দিলেও বলটির বৈধতা নিয়ে সন্দেহ দেখা দেয় আম্পায়ারের মনে।
তাই আবার টেলিভিশনের শরণাপন্ন হওয়া। রিপ্লেতে দেখা যায় বল করার সময় গিলেস্পির পা লাইনের বাইরে ছিলো। অর্থাৎ নো বল। আমলাও স্বস্তির নিঃশ্বাস ফেলে পরের বলের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু বিধি বাম। ডকট্রোভ আউটের সিদ্ধান্তই বহাল রাখেন আবার। তাই ৬৩ রানের ভালো একটি ইনিংস খেলেও হতাশা আর ক্ষোভ নিয়ে ফিরতে হয় আমলাকে। ভেঙ্গে যায় ৯৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।
বাকি সময়ে আর কোনো উইকেট পড়েনি। আলোর স্বল্পতায় খেলাও অবশ্য বেশিক্ষণ হয়নি। দিন শেষে পিটারসেন ৪৪ ও জেপি ডুমিনি ২৩ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৩৬/২ (স্মিথ ৫, পিটারসেন ৪৪, আমলা ৬৩, ডুমিনি ২৩*; ব্রেসওয়েল ১/৩০, গিলেস্পি ১/৩৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৪ঘ.
bdnews24