ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আজমলের অ্যাকশন পরীক্ষার জন্য আবেদন জানিয়েছে ভারত।
ভারতের বহুল প্রচারিত ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকা এই তথ্য জানিয়েছে।
রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি প্রধান হারুন লরগাতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন ভারতের কয়েক জন জ্যেষ্ঠ খেলোয়াড়।
২০০৯ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় প্রথম বারের মতো আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আইসিসির সামনে রীতিমতো পরীক্ষা দিয়ে বৈধ অ্যাকশনের ছাড়পত্র পান আজমল।
তবে গত জানুয়ারিতে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের সময় আবারো তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তিন ম্যাচের সিরিজটিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে জয় এনে দিতে বড় অবদান ছিলো আজমলের ২৪ উইকেটের।
ঐ সিরিজের পর হারুন লরগাত জানান, আজমলের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। তিনি বলেন, “খালি চোখে দেখা ও প্রযুক্তির সহায়তায় দেখার মধ্যে অনেক সময় পার্থক্য থাকে। প্রযুক্তিগতভাবে আজমলের বোলিংয়ে কোনো সমস্যা নেই।
তবে ভারতের সাবেক বাঁহাতি স্পিনার বিষান সিং বেদী আইসিসির সমালোচনা করে বলেন, “আইসিসি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে চাকিংকে বৈধতা দিচ্ছে।” বেদীর মতে আজমল একজন ‘চাকার’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ঘ.
bdnews24