ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান ম্যাচের নকল টিকেট বিক্রি হয়েছে সিটি ব্যাংকের মিরপুর শাখা থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ঢাকার বিভিন্ন ক্লাবের জন্য বরাদ্দকৃত টিকেট নকল হয়েছে অভিযোগ করে নবীন সংঘ নামের একটি ক্লাবের সাধারণ সম্পাদক তাবারাকুল ইসলাম আরিফ ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের বলেন, “এ সব টিকেট দিয়ে আমাদের ক্লাবের কর্মকর্তারা এবং খেলোয়াড়রা খেলা দেখেন। কয়েকজন ক্রিকেটার আমাকে ফোন করে নকল টিকেটের খবর জানায়। কারা নকল করেছে আমরা জানি না। বিষয়টি আমি টিকেট কমিটির চেয়ারম্যান জি এম হাসান তামিমকে জানিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, “বিষয়টি আমি জেনেছি। এ রকম হতেই পারে।”
পাঁচশ টাকা/ এক হাজার টাকার নোট নকল হচ্ছে-মন্তব্য করে তামিম বলেন, “ সেখানে এটাতো একটি মাত্র খেলা। কিন্তু কে বা কারা করেছে তা আমি জানিনা। ভাবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক হবো।”
নকল টিকেটে বিসিবি হলোগ্রামসহ বিসিবি ও এশিয়া কাপের লোগোও আছে। যারা নকল টিকেট কিনেছেন তারা আর মাঠে ঢুকতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/জিএনকে/২২০৬ ঘ.
bdnews24