ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারনন ফিল্যান্ডারের মারাত্মক বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে তিন দিনেই দ্বিতীয় টেস্ট শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দুই ইনিংসে ১১৪ রানের বিনিময়ে ১০ উইকেট নেন ফিল্যান্ডার। ৬ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ম্যাচে দশ উইকেট শিকার করলেন ডানহাতি এই পেসার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
এই জয়ের ফলে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ডুনেডিনে প্রথম টেস্ট অমীমাংসিত ছিলো।
৪ উইকেটে ৬৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কেনি উইলিয়ামসন ও ড্যানিয়েল ভেট্টরি মিলে এদিন দলের সংগ্রহে ৩৪ রান যোগ করেন। ভেট্টরিকে (২১) উইকেটরক্ষক মার্ক বাউচারের ক্যাচে পরিণত করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন জ্যাক ক্যালিস।
তবে লড়াই চালিয়ে যেতে থাকেন উইলিয়ামসন। ক্রুগার ভন উইককে নিয়ে ৪২ রানের জুটি গড়ে দলের বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন তিনি। এক রানের ব্যবধানে ভন (২০) ও উইলিয়ামসনকে বিদায় করে দেন ফিল্যান্ডার। ১০টি চারের সাহায্যে ১৯৩ বলে ৭৭ রানের ধৈর্য্যশীল একটি ইনিংস খেলেন উইলিয়ামসন। তখন দলীয় রান ১৪২/৭।
এরপর ব্রেসওয়েলকে শূন্য হাতে ফিরিয়ে দেন মরনে মরকেল। ফিল্যান্ডার বাকি দুইটি উইকেট দ্রুত তুলে নিলে ১৬৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
৪৪ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস একাই ধ্বসিয়ে দেন ফিল্যান্ডার।
১০১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের সপ্তম বলেই আলভিরো পিটারসেনকে (১) হারায় দক্ষিণ আফ্রিকা। তবে আর কোনো ক্ষতি হয়নি সফরকারীদের। অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েই ফেরেন। স্মিথ ৬০ বলে অপরাজিত ৫৫ ও আমলা ৫৬ বলে অপরাজিত ৪৬ রান করেন।
ওয়েলিংটনে ২৩ মার্চ থেকে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২০ ঘ.
bdnews24