২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই চলছে সমানে-সমান

প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে লড়াই চলছে সমানে-সমান। তবে দুই দিনের খেলা শেষে ৫ রানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড, হাতে আছে এক উইকেট। ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম পালায় দক্ষিণ আফ্রিকা রান করে ২৩৮। জবাবে নিউজিল্যান্ড করে ৯ উইকেটে ২৪৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে লড়াই চলছে সমানে-সমান। তবে দুই দিনের খেলা শেষে ৫ রানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড, হাতে আছে এক উইকেট। ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম পালায় দক্ষিণ আফ্রিকা রান করে ২৩৮। জবাবে নিউজিল্যান্ড করে ৯ উইকেটে ২৪৩। দক্ষিণ আফ্রিকার প্রথম পালার জবাব দিতে নেমে মধ্যাহ্ন-বিরতির আগে চমৎকার সুইং ও পরে শর্ট-পিচ বোলিংয়ের মুখে খুব একটা সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ফলে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। সব চেয়ে বড় ৬৫ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক রস টেইলর ও ব্রেন্ডন ম্যাককালাম তৃতীয় উইকেটে। ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রানের জুটি গড়ে তোলেন ড্যানিয়েল ভেট্টোরি ও ক্রুগার ভ্যান উইক। এছাড়া উল্লেখ করার মতো জুটি আর গড়ে ওঠেনি। নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান শুরুটাও করেছিলেন ভালো। ২০-এর ঘরও পার হন তারা। কিন্তু অর্ধশতক হাঁকাতে পারেননি কেউ। দলীয় ১০৬ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে ৪৮ রান করে ইমরান তাহিরের বলে তারই হাতে ধরা পড়েন ম্যাককালাম। দশ রান পরই তাকে অনুসরণ করেন টেইলর। ৭৭ বল খেলে ৪৪ রান করেন তিনি। সীমানার ওপারে বল পাঠান সাতবার। দলীয় ১৮৮ রানের মাথায় ষষ্ট ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ভেট্টোরি। জ্যাক ক্যালিসের বলে তার হাতে ধরা পড়ার আগে ৪৬ রান করেন তিনি। তার ৭৮ বলের ইনিংসে চার রয়েছে আটটি। এছাড়া উইকের ব্যাট থেকে ৩৬ ও ডোগ ব্র্যাসওয়েল ২৫ রান করেন। ট্রেন্ট বোল্ট ৮ রানে অপরাজিত রয়েছেন। অপর অপরাজিত ব্যাটসম্যান ক্রিস মার্টিন হিসেবের খাতা খোলার কোনো সুযোগ পাননি। দক্ষিণ আফিকার বোলারদের মধ্যে ভার্নন ফিলান্ডার চার উইকেট নেন ৫০ রানে। এর আগে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার দিনের খেলা শুরু করে ৭ উইকেটে ১৯১ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জ্যাক রুডলফ ৪৬ রান নিয়ে খেলা শুরু করে তার ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। অর্ধশতক (৫২) আদায় করে নেয়ার পরপর নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন তিনি দলীয় ২২২ রানের মাথায়। তার ৯৯ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। এর আগেই বিদায় নেন অপর অপরাজিত ব্যাটসম্যান ফিলান্ডার ২২ রান করে। তখন দলের রান ছিল ২১৪। তিনি দিনের খেলা শুরু করেন চার রান নিয়ে। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে দশ রান করেন ইমরান তাহির। আর মর্নে মরকেল অপরাজিত থাকেন ১৩ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস মার্টিন চার উইকেট নেন ৫৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৭ ঘ.