২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ করতে দেওয়া হচ্ছিল না, বললেন আকরাম

বিসিবি সভাপতির হস্তক্ষেপের কারণে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন- এমন ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক আকরাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিবি সভাপতির হস্তক্ষেপের কারণে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন- এমন ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক আকরাম খান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নির্বাচক হিসেবে চার বছর আর প্রধান নির্বাচক হিসেবে সাত মাস কাজ করে বুধবার পদত্যাগ করেন। বিসিবিতে শেষবার নিজের অফিসে বসে আকরাম খান সাংবাদিকদের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, তাকে তার ‘কাজ করতে’ দেওয়া হচ্ছিলো না। এ কারণেই পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। নির্বাচক কমিটির অপর দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আকরাম। গত সোমবার এশিয়া কাপের ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণার পর বোর্ডের সেঙ্গ প্রধান নির্বাচকদের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। আকরাম যে আর থাকছেন না, আভাস পাওয়া গিয়েছিলো দল ঘোষণার পর দিনই। দল নির্বাচনের ক্ষেত্রে বিসিবি সভাপতির হস্তক্ষেপের বিষয়টি নতুন নয়, এরপরও কেন পদত্যাগ করলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, “নিয়োগপত্র হাতে নেওয়ার পর সংবাদ মাধ্যমকে বলেছি, আমি যে দলে স্বাক্ষর করবো সে দল পরিবর্তন করা যাবে না। কিন্তু এবারই প্রথম তা হয়েছে।” প্রতিকূলতার মধ্যেই দায়িত্ব পালন করতে হয়েছে বলে দাবি করেন তিনি। সাবেক অধিনায়ক আকরাম বলেন, “ওয়ান-ইলেভেনের পর থেকে আজ পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত আমার কাছে খারাপ লেগেছে।” “সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করার আগে তা পত্রিকায় চলে আসতো। এটি আমার কাছে কখনোই ভালো লাগেনি। আশায় ছিলাম হয়তো এসব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়নি, বরং দিন দিন মাত্রা বেড়েছে। এ কারণেই আমি সরে দাঁড়িয়েছি,” যোগ করেন তিনি। এশিয়া কাপের দলে পরিবর্তনের বিষয়টি ইমেইলের মাধ্যমে পেয়েছেন বলেও দাবি করেন আকরাম। তিনি বলেন, “এশিয়া কাপের দলে যে পরিবর্তন সেটা কিন্তু আমাকে কেউ জানায়নি। আপনারা যেভাবে ইমেইলে পেয়েছেন সেভাবে আমিও জেনেছি।” প্রধান নির্বাচক বলেন, “এসিসি বলেছিলো বলেই এবার আমরা ১৫ সদস্যের দল দিয়েছি। সেখানে ১৪ জনের দল করা হয়েছে। একজন ক্রিকেটার খেলার মতো ‘ফিট’ আছেন কিনা সেটা দেখার কাজ কিন্তু আমাদের। সেটা দেখেই তামিমকে দলে নিয়েছি।” জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল সম্পর্কে আকরাম খানের ভাস্তে। তিনি জানান, একটি প্রতিষ্ঠিত দল গড়ার পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছিলেন। “একটা টিম তখনই স্থায়ী হয় যখন প্রতিষ্ঠিত ক্রিকেটার দলে থাকে। শুরু থেকে আমরা এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নকআউট করে দিচ্ছি।” “তামিমের মতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আজ নড়বড়ে। আরও কয়েক জন ক্রিকেটার আছে যারা দুই দিন আগেও ঠিক ছিলো। তাদের অবস্থানও নড়বড়ে। এটা দলের জন্য সুসংবাদ নয়,” যোগ করেন তিনি। তবে বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল দেশে ফিরে ডাকলে তার সঙ্গে দেখা করবেন বলে জানান আকরাম। ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক আকরাম। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএল/জেকে/১৬৪৫ ঘ.