২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়

উমর গুল ও সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উমর গুল ও সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন পিটারসেন (২১ বলে ৩৩) ও তিন নম্বরে নামা রবি বোপারার (৩২ বলে ৩৯) দৃঢ়তায় জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো। শেষ ৫ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রান প্রয়োজন ছিলো টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু ষোড়শ ওভারে গুল বোপারাকে বোল্ড করলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। অষ্টাদশ ওভারে জস বাটলার ও সমিত প্যাটেলকে পর পর দুই বলে ফিরিয়ে প্রতিপক্ষকে আরো চাপে ফেলে দেন গুল। ১৯তম ওভারে আজমল মাত্র ৪ রান দিলে শেষ ওভারে ১৮ রান দরকার হয় ইংল্যান্ডের। জুনায়েদ খানের করা ঐ ওভারে জনি বেয়ারস্টো ও গ্রায়েম সোয়ান ৯ রানের বেশি নিতে পারেননি। তাই ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যাওয়া পাকিস্তান মেতে ওঠে জয়ের আনন্দে। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা গুলের হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার। ১৮ রানেই মোহাম্মদ হাফিজের শিকার দুটি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ (২২ বলে ২৩) ও অভিষিক্ত আওয়েইজ জিয়া (১২ বলে ১৮) প্রথম তিন ওভারে ৩৬ রান এনে দেয় পাকিস্তানকে। রান তোলার এই গতি অবশ্য ধরে রাখতে পারেনি তারা। তবে অধিনায়ক মিসবাহ-উল হক (২৬ বলে অপরাজিত ২৬) ও শোয়েব মালিকের (৩৩ বলে ৩৯) দায়িত্বশীল ব্যাটিং ৬ উইকেটে ১৪৪ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দেয় স্বাগতিক দলকে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে সোয়ান ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। দুবাইয়েই শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০০ঘ.