ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামিল্টনে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নাটকীয়ভাবে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ৩-০ তে জিতে নিয়েছিলো স্বাগতিকরা।
সেডন পার্কে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলরের ঝড়ো অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ২০০ রান করে জিম্বাবুয়ে। জাবাবে ২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোল ও জেমস ফ্র্যাঙ্কলিন। দুজনে মিলে মাত্র ৬১ বলে ১০৩ রানে জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন।
৩৭ বলে ৫৬ রান করা নিকোল এল্টন চিগুম্বুরার বলে কেগ্যান মিথের হাতে ধরা পড়েন।
সমান বল মোকাবেলা করা ফ্র্যাঙ্কলিন ৬০ রান করে রান আউট হয়ে যান। দলীয় রান তখন ১৪২।
২৪ বলে ৩৮ রান করা ব্রেন্ডন ম্যাককালাম ও নাথান ম্যাককালাম (৫) কেলি জার্ভিসের পরপর দুই বলে আউট হয়ে গেলে খেলা জমে ওঠে। শেষ ওভারে প্রয়োজন ছিলো ১৪ রান।
শিঙ্গিরাই মাসাকাদজার করা ওই ওভারে দুইটি চার ও একটি ছক্কা মেরে স্বাগতিকদের নাটকীয় জয় এনে দেন কেন উইলিয়ামসন। লক্ষ্যে পৌঁছানোর সময় ৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ বলে মাসাকাদজার ৬২ ও ১৯ বলে স্টুয়ার্ট মাতসিকেনয়েরির ৩২ রান জিম্বাবুয়ের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
এছাড়া ৪৩ বলে টেলর অপরাজিত ৬০ ও ১৬ বলে অপরাজিত ২৯ রান করেন এল্টন চিগুম্বুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৬৪৯ ঘ.
bdnews24