ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক অ্যালিস্টার কুকের শতকের সুবাদে সোমবার প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই ১৩০ রানে হারিয়েছে ইংল্যান্ড।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ডকে ৭ উইকেটে ২৬০ রানের শক্ত অবস্থানে নিয়ে যেতে ম্যাচ সেরা কুক ছাড়াও ভালো অবদান রবি বোপারার। তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন দুজনে।
ওয়ানডেতে তৃতীয় শতকের দেখা পাওয়া কুকের ব্যাট থেকে এসেছে ১৩৭ রান। ১৪২ বলের দারুণ ইনিংসটি সাজানো ১৪টি চারে। ৬৯ বলে ৫০ রান করা বোপারার ইনিংসে ৪টি চার।
৪৩ রানে ৫ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সফলতম বোলার। দারুণ সময় কাটানো এই অফস্পিনার এই প্রথম ৫ উইকেট পেলেন ওয়ানডেতে।
৫৫ রানে শহীদ আফ্রিদির শিকার দুটি।
জবাবে প্রথমে ডানহাতি পেসার স্টিভেন ফিন এবং পরে বাঁহাতি স্পিনার সমিত প্যাটেলের দারুণ বোলিংয়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
আফ্রিদি (২৮) ও উমর আকমলের (২২) বিশোর্ধ্ব ইনিংস দুটো শুধু পাকিস্তানের হারের ব্যবধানই কমাতে পেরেছে।
৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন ফিন। প্যাটেলের ৩ উইকেটের পেছনে খরচ ২৬ রান।
চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে বুধবার, আবুধাবিতেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৬ঘ.
bdnews24